Ranbir Kapoor: রানি-কাজলের বাড়ি পুজোয় আচমকা হাজির রণবীর, গাইলেন গানও

Ranbir Kapoor sings Kabira at Durga Puja: গত ১৫ অক্টোবর মহাসমারোহে শুরুর পর থেকেই মণ্ডপে সেলিব্রিটিদের আনাগোনা লেগেই রয়েছে। তবে সপ্তমীর সন্ধ্যায় এই পুজো প্রাঙ্গণ যেন রূপ নিয়েছিল অন্য এক আসরের, যখন সেখানে হঠাৎ হাজির হন বলিউড সুপারস্টার রণবীর কাপুর!

Ranbir Kapoor: রানি-কাজলের বাড়ি পুজোয় আচমকা হাজির রণবীর, গাইলেন গানও

|

Oct 18, 2026 | 2:54 PM

আশির দোরগোড়ায় দাঁড়িয়ে মুম্বইয়ের বিখ্যাত নর্থ বোম্বে সর্বজনীন দুর্গোৎসব। প্রতিবারের মতো এবারও মুখোপাধ্যায় পরিবারের এই জমজমাট পুজোয় তারকার মেলা বসেছে। গত ১৫ অক্টোবর মহাসমারোহে শুরুর পর থেকেই মণ্ডপে সেলিব্রিটিদের আনাগোনা লেগেই রয়েছে। তবে সপ্তমীর সন্ধ্যায় এই পুজো প্রাঙ্গণ যেন রূপ নিয়েছিল অন্য এক আসরের, যখন সেখানে হঠাৎ হাজির হন বলিউড সুপারস্টার রণবীর কাপুর! শুধু দেবদর্শন বা পরিবারের সঙ্গে আড্ডাই নয়, বরং মঞ্চে উঠে সরাসরি গানে গলা মিলিয়ে উপস্থিত সকলকে চমকে দিলেন অভিনেতা।

পুজোর এই দিনগুলিতে রানি-কাজলের পরিবারের আন্তরিক অভ্যর্থনা আর বলিউডের নামী তারকাদের উপস্থিতি এক চিরচেনা ঐতিহ্যে পরিণত হয়েছে। সপ্তমীর সন্ধ্যায় প্রথমে সেখানে উপস্থিত হন জয়া বচ্চন। আর তাঁর খানিক বাদেই পুজো মণ্ডপে পা রাখেন রণবীর কাপুর। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের সুবাদে মুখার্জি পরিবারের প্রতিটি উৎসবেই নিয়মিত যাতায়াত রয়েছে রণবীরের।

যদিও গত মাসেই রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াণের কারণে এবারে পুজোয় সশরীরে উপস্থিত থাকতে পারেননি রানি। তবে কাজল ও তানিশা মুখোপাধ্যায়ের কাঁধে ভর দিয়ে পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান অত্যন্ত ভক্তিভরেই পালিত হচ্ছে। আর সেই পারিবারিক আবহের মাঝেই শনিবার রাতে মধ্যমণি হয়ে ওঠেন রণবীর। দেবীকে প্রণাম করে পরিবারের সকলের সঙ্গে হাসিমুখে পোজ দিয়ে ছবি তোলা, কিংবা প্যাপারাজ্জিদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানো—সবমিলিয়ে পুজোর আমেজ দ্বিগুণ করে দেন তিনি। কাজল, তানিশা ও অয়নের সঙ্গে তাঁর প্রাণখোলা আড্ডার ছবি ও ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

সবচেয়ে বড় আকর্ষণ ছিল কালচারাল ইভেন্টের মঞ্চে রণবীরের পারফরম্যান্স। পুজো মণ্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় গায়িকা হর্ষদীপ কৌরের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন রণবীর। সেখানে তাঁর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির কালজয়ী গান ‘কবিরা’র সঙ্গে গলা মেলাতে দেখা যায় তাঁকে। রণবীরের মুখে সেই চেনা গান শুনে উপস্থিত দর্শকরা আনন্দে মেতে ওঠেন।

এদিকে সামনেই দীপাবলির মরশুমে মুক্তি পেতে চলেছে রণবীরের বহুল প্রতীক্ষিত মেগাবাজেট ছবি ‘রামায়ণ’। পর্দার ‘রাম’কে স্বয়ং দুর্গার আরাধনায় এমন ভক্তিপূর্ণ ও ছান্দসিক মেজাজে দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত। অকালবোধন ও দেবীর চরণে রামের পুজোর প্রসঙ্গ টেনে নেটপাড়ায় শুরু হয়েছে প্রশংসার ঝড়।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us