Viral After 40 Years Aaj Shonibar: কানাডায় রেকর্ড হল গান, ৪০ বছর পর সেই গানই ভাইরাল, কীভাবে তৈরি হল ‘আজ শনিবার’? গায়িকা রূপা বলছেন…

Singer Rupa Biswas Aaj Shonibar Making Story: ৪৪ বছর পুরনো এই গান ফের চর্চার কেন্দ্রে উঠে আসায় আপ্লুত রূপা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আর সেই আবহেই এক সাক্ষাৎকারে গানটির জন্ম ও চার দশকের নেপথ্যের গল্প শোনালেন তিনি।

Viral After 40 Years Aaj Shonibar: কানাডায় রেকর্ড হল গান, ৪০ বছর পর সেই গানই ভাইরাল, কীভাবে তৈরি হল আজ শনিবার? গায়িকা রূপা বলছেন...

|

Nov 24, 2026 | 5:16 PM

কানাডায় রেকর্ডিং আর কলকাতার মেগাফোন কোম্পানি থেকে প্রকাশ— দশকের পর দশক পেরিয়ে এবার জনপ্রিয় ভিডিয়ো গেম GTA 6-এ জায়গা করে নিয়েছে গায়িকা রূপা বিশ্বাস সেনের ‘আজ শনিবার’। ৪৪ বছর পুরনো এই গান ফের চর্চার কেন্দ্রে উঠে আসায় আপ্লুত রূপা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আর সেই আবহেই এক সাক্ষাৎকারে গানটির জন্ম ও চার দশকের নেপথ্যের গল্প শোনালেন তিনি।

রকস্টার গেমসের তৈরি GTA 6-এ রয়েছে একাধিক রেডিও স্টেশন, যেখানে গেমের কাল্পনিক অঞ্চল লিওনিডায় ঘোরার সময় নানা ধরনের গান শুনতে পারেন খেলোয়াড়রা। তারই অন্যতম Worldwide FM রেডিও স্টেশনে— যা হাউস মিউজিক, জ্যাজসহ বিভিন্ন আন্তর্জাতিক ঘরানার গানের জন্য পরিচিত— স্থান পেয়েছে রূপার ‘আজ শনিবার’। এর ফলে নতুন প্রজন্মের গেমার ও শ্রোতাদের কাছেও পৌঁছে যাচ্ছে এই গান।

কীভাবে তৈরি হয়েছিল ‘আজ শনিবার’? 

এক সাক্ষাৎকারে রূপা জানান, গানটির রেকর্ড হয়েছিল কানাডায়, সুরকার ছিলেন আশিস খান। কানাডায় একের পর এক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকেই আশিসই একটি রেকর্ড করার প্রস্তাব দেন, আর সেখান থেকেই শুরু। সেই সফরের স্মৃতিচারণায় রূপা তুলে ধরেন কানাডার এক শপিং মলের চিলড্রেন সেকশন থেকে লাল রঙের জামা কেনার মজার কথাও। ১৯৮২ সালের সেই অ্যালবামটি পরে কলকাতার মেগাফোন কোম্পানি থেকে প্রকাশিত হয়।

শৈশব থেকেই গানের জগতে ডুবে থাকা রূপা স্বপ্ন দেখতেন, তাঁর গান ছড়িয়ে পড়বে চারদিকে। অ্যালবাম তৈরির পর দুর্গাপুজোয় গানটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল; কিন্তু কোনও কারণে তা না হওয়ায় ভীষণ ভেঙে পড়েন তিনি। রূপার কথায়, “এই ঘটনায় আমার সব আশায় জল ফেলে দিয়েছিল। আমি রেগেমেগে রেকর্ডটা ফেলে দিয়েছিলাম। আমি তখন ইয়ং ছিলাম, আমার মনে হত আমি রাস্তায় বের হলে, সবাই আমাকে রূপা বলে চিনবে। আমি রেকর্ডের দোকানে গিয়ে দেখেছি, কোথায় রেকর্ড নেই। তারপর দুঃখে আমি রেকর্ডটাকে ফেলে দিলাম।”

পরবর্তী সময়ে তাঁর ছেলে রেকর্ডটি খুঁজে পায় এবং গেমে গানটি ব্যবহার হওয়ার পর ছেলে ও ছেলের বউ বিষয়টি সম্পর্কে জানতে পারেন। রূপা স্বীকার করেন, সে সময় গানটি সেভাবে চলেনি; যদিও অনেকের কাছে রেকর্ড পৌঁছেছিল। তাঁর আক্ষেপ, সেই সময় নাজিয়া হাসানের ক্ষেত্রে যেমন প্রচার হয়েছিল, তেমন প্রচার তাঁর ভাগ্যে জোটেনি। তবে চার দশকেরও বেশি সময় পর এমন সাফল্যে উচ্ছ্বসিত রূপা জানান, এমন কিছু তিনি আশা করেননি। আনন্দ প্রকাশ করে তিনি বলেন, “আমি বলে বোঝাতে পারব না কি আনন্দ হচ্ছে। ৪০ বছর পর এমন সাফল্য। ভগবানের আশীর্বাদ” আজও গানের প্রতি তাঁর সেই টান ও ইচ্ছা অটুট রয়েছে বলেই জানিয়েছেন গায়িকা।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us