
সে অনেক বছর আগের কথা। তখন খান পরিবারের অংশ হননি করিনা কাপুর। তবে সইফ আলি খানের সঙ্গে প্রেম চলছে চুটিয়ে। হাতে করিনার নামে ট্যাটু করে তাক লাগিয়ে দিয়েছিলেন নবাব-পুত্র। সেই ট্যাটুই এবার উধাও! কিন্তু কেন? তবে কি করিনার সঙ্গে সম্পর্ক তলানিতে ছোটে নবাবের? বলিপাড়ায় জোর জল্পনা।
এ দিন অর্থাৎ মঙ্গলবার পাপারাৎজির ক্যামেরায় বন্দি হন সইফ। সেখানে দেখা যায়, তাঁর বাঁ হাতে করিনা নামাঙ্কিত ট্যাটুর পরিবর্তে রয়েছে ত্রিশুল আঁকা। কেন হল এমনটা এই নিয়েই যখন নেটিজেনদের একটা বড় অংশ ভেবে ফেলেছেন অনেক কিছুই তখন সামনে এল আসল কারণ। শোনা যাচ্ছে এক ছবির জন্য নিজের হাতে ওই ধরনের ট্যাটু করিয়েছেন সইফ। সংসারে সব ঠিকই আছে। প্রেম কমেনি এতটুকুও।
২০১২ সালে বিয়ে হয় সইফ আলি খান ও করিনা কাপুর খানের। তাঁদের দুই সন্তান রয়েছে তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান। এই মুহূর্তে কাজ নিয়ে স্বামী স্ত্রী দু’জনেই ব্যস্ত। ‘দেবারা’ নামক এক তেলুগু ছবিতে দেখা যাবে তাঁকে। সেই ছবিতে রয়েছেন জাহ্নবী কাপুর ও জুনিয়র এনটিআর। এর আগে তাঁকে শেষ বার দেখা গিয়েছে ‘আদিপুরুষ’ ছবিতে। সইফ ছাড়াও ওই ছবিতে ছিলেন কৃতি শ্যানন, দেবদত্তা নাগ, সানি সিং ও প্রভাস। যদিও বক্স অফিসে সেই ছবি হিট করেনি।