
সইফ আলি খানের উপর হামলার সেই রাত এখনও যেন করিনার ছোট ছেলে জেহের চোখে স্পষ্ট। করিনা তো পুলিশের বয়ানে জানিয়েই ছিলেন, হামলার রাতের পর থেকে জেহ নাকি আতঙ্কে কাঁপছে। এমনটা হবে নাই বা কেন, ছোট্ট বলে কথা। তার উপর, হামলাকারী তো তাকেই কিডন্যাপ করতে এসেছিল বলে শোনা গিয়েছে। তাকে বাঁচাতেই তো সইফের এমন আহত অবস্থা!
রবিবার রুটিন চেকআপের জন্য লীলাবতি হাসপাতালে গিয়েছিলেন সইফ। সূত্রের খবর, চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আগে থেকে অনেকটাই সুস্থ। তবে এখনও মানতে হবে কিছু বাধা নিষেধ।
সম্প্রতি গলায় ব্যান্ডেজ নিয়েই নেটফ্লিক্সের অনুষ্ঠানে এসেছিলেন সইফ। হামলার পর সেটাই প্রথম সাংবাদিকদের সামনে আসা। এর পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে, সইফ জানান, জেহ আমাকে নিয়ে খুবই চিন্তিত। বার বার আমাকে জিজ্ঞাসা করে আমি কেমন আছি। আর একদিন তো ওর খেলনার প্লাসটিকের ছুরি এনে আমাকে বলল, এটা নিয়ে ঘুমিও। দুষ্টু লোক এলে এই ছুরি দিয়েই মেরো! ছ বছর বয়সের একটা বাচ্চার মুখে এমন কথা শুনে আমি তো হতবাক!
১৫ জানুয়ারি, বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ আলি খান। তাঁর উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে বলিউড তারকার উপর আঘাত করেন সেই ব্যক্তি। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সইফ আলি খানকে। ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন সইফ।
পুলিশের কাছে বয়ান রেকর্ড করার সময় সেই রাতের ঘটনার বিবরণ দিয়েছেন সইফপত্নী করিনা কাপুর খান। অভিনেত্রী বলেন, “আক্রমণকারী মারাত্মক হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সইফের উপরে। এলোপাথাড়ি কোপাচ্ছিল।” করিনা আরও জানিয়েছেন, তাঁরা সবাই এখনও খুবই দুশ্চিন্তায়। ছোট ছেলে জেহের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ রয়েছে।