চেক বাউন্স কাণ্ড নিয়ে রাজপাল যাদবকে খোঁচা! চটে গেলেন সলমন

গত ৫ই এপ্রিল মুম্বইয়ে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান এবং প্রবীণ সাংবাদিক সৌরভ দ্বিবেদী। অনুষ্ঠানের একটি পর্যায়ে মঞ্চে উপস্থিত রাজপাল যাদব বিশ্ব অর্থনীতি ও ডলারের ওঠানামা নিয়ে কথা বলছিলেন। ঠিক সেই সময় সঞ্চালক সৌরভ দ্বিবেদী অভিনেতার বহুল চর্চিত ‘চেক বাউন্স’ মামলাটি টেনে এনে টিপ্পনি কাটেন।

চেক বাউন্স কাণ্ড নিয়ে রাজপাল যাদবকে খোঁচা! চটে গেলেন সলমন

|

Apr 07, 2026 | 5:24 PM

হাস্যকৌতুক আর বিদ্রুপের সীমারেখা কোথায়? এই প্রশ্নই ফের উস্কে দিল মুম্বইয়ের এক সাম্প্রতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বলি-অভিনেতা রাজপাল যাদবের ব্যক্তিগত জীবনের টানাপড়েন এবং আইনি জটিলতা নিয়ে মঞ্চে মজা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বলিউডের ‘সুলতান’ সলমন খান। বর্ষীয়ান অভিনেতার তিন দশকের কেরিয়ারকে খাটো করার প্রচেষ্টাকে ধুয়ে দিলেন তিনি।

গত ৫ই এপ্রিল মুম্বইয়ে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান এবং প্রবীণ সাংবাদিক সৌরভ দ্বিবেদী। অনুষ্ঠানের একটি পর্যায়ে মঞ্চে উপস্থিত রাজপাল যাদব বিশ্ব অর্থনীতি ও ডলারের ওঠানামা নিয়ে কথা বলছিলেন। ঠিক সেই সময় সঞ্চালক সৌরভ দ্বিবেদী অভিনেতার বহুল চর্চিত ‘চেক বাউন্স’ মামলাটি টেনে এনে টিপ্পনি কাটেন। তিনি বলেন, “রাজপাল ভাই, ডলার-রুপি যেদিকেই যাক না কেন, আপনাকে কিন্তু সেই ধার নেওয়া টাকাই ফেরত দিতে হবে।”

মঞ্চের এই রসিকতা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ একে ‘কুরুচিপূর্ণ’ বলে ব্যাখ্যা করেন। সহকর্মীর এমন অপমানে চুপ থাকেননি সলমন খান। ইনস্টাগ্রামে রাজপালের সমর্থনে একটি দীর্ঘ বার্তা লিখে তিনি বলেন, “রাজপাল ভাই, আপনি ৩০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আপনার কাজের গুণের জন্যই আমরা আপনাকে বারবার পর্দায় দেখতে চাই। আপনি একজন মূল্যবান অভিনেতা। কাজ আপনি ভবিষ্যতেও প্রচুর পাবেন।” টাকার লেনদেন এবং ডলারের মূল্যবৃদ্ধি নিয়ে সলমন আরও যোগ করেন, “ডলারের রেট যাই হোক না কেন, আপনার পারিশ্রমিক বা প্রাপ্য সম্মানে তার কোনও প্রভাব পড়বে না। মনে রাখবেন, মানুষ অনেক সময় আবেগের বশে অনেক কিছু বলে ফেলে। টাকা তো ভারতেই ফেরত দিতে হবে, তাই ডলারের ওঠানামা নিয়ে ভাবার দরকার নেই। আপনি শুধু মন দিয়ে কাজ করে যান।”

রাজপাল যাদবের দীর্ঘ কেরিয়ারে তিনি বহু হিট ছবি উপহার দিয়েছেন। বর্তমানে আইনি জটিলতার মধ্য দিয়ে গেলেও তাঁর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মনে করছেন সলমন ভক্তরা। সলমন খানের এই সরাসরি অবস্থান বুঝিয়ে দিল যে, ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে প্রকাশ্যে বিদ্রুপ করাটা মোটেই ভালোভাবে নিচ্ছেন না বলিউডের বড় অংশ।

Follow Us