Sanjay Dutt: মুম্বই ছেড়ে রাতারাতি আমেরিকায় সঞ্জয় দত্ত, ঠিক আছেন তো অভিনেতা?

Sanjay Dutt in USA: মুক্তির পর প্রথম মঙ্গলবার পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে আনুমানিক ১.৭০ কোটি টাকা। আর এই ছবিটির প্রচার পর্ব মিটতেই তড়িঘড়ি মুম্বই ছেড়েছেন অভিনেতা। বলিপাড়ার গুঞ্জন, রুটিন চেক-আপের উদ্দেশ্যেই তাঁর এই আকস্মিক আমেরিকা সফর।

Sanjay Dutt: মুম্বই ছেড়ে রাতারাতি আমেরিকায় সঞ্জয় দত্ত, ঠিক আছেন তো অভিনেতা?

|

May 21, 2026 | 2:37 PM

সিনেমা হলের পর্দায় সেন্সরের বাধা পেরিয়ে গত ১৫ মে মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের নতুন ছবি ‘আখরি সওয়াল’। তবে মুক্তির পর বক্স অফিসে তেমন জোরালো সাড়া জাগাতে পারেনি এই সিনেমাটি। হিসাব অনুযায়ী, মুক্তির পর প্রথম মঙ্গলবার পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে আনুমানিক ১.৭০ কোটি টাকা। আর এই ছবিটির প্রচার পর্ব মিটতেই তড়িঘড়ি মুম্বই ছেড়েছেন অভিনেতা। বলিপাড়ার গুঞ্জন, রুটিন চেক-আপের উদ্দেশ্যেই তাঁর এই আকস্মিক আমেরিকা সফর।

সূত্রের খবর, ৬৬ বছর বয়সী এই অভিনেতার আমেরিকা সফরের বিস্তারিত সূচি এখনো গোপন রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে তাঁর আমেরিকার পূর্ব উপকূলে যাওয়ার কথা রয়েছে। অভিনেতার ঘনিষ্ঠ বৃত্তের দাবি, সঞ্জয় দত্ত বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। গত কয়েক বছর ধরে প্রতি বছরই তিনি নিয়ম করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। এবারও সিনেমার ব্যস্ততা কমতেই নিজের শরীরের দিকে নজর দিয়েছেন অভিনেতা।

তবে অভিনেতার এই সফরের পেছনে তাঁর পুরোনো এক লড়াইয়ের ইতিহাস জড়িয়ে রয়েছে, ২০২০ সালের কঠিন লড়াই: ২০২০ সালে সঞ্জয় দত্তের শরীরে চতুর্থ স্টেজের ফুসফুসের ক্যানসার ধরা পড়ে। ফুসফুসে জল জমা এবং তীব্র শ্বাসকষ্টের কারণে সেই সময় তাঁর পরিবার গভীর উদ্বেগে দিন কাটিয়েছিল।

মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় মাত্র কয়েক মাসের মধ্যেই মিরাকল ঘটে। ২০২০ সালের অক্টোবর মাসেই নিজেকে সম্পূর্ণ ক্যানসার-মুক্ত ঘোষণা করেন সঞ্জুবাবা।

সূত্রের খবর অনুযায়ী, ক্যানসার ধরা পড়ার পর ২০২০ সালের আগস্ট মাসে সঞ্জয় দত্তকে পাঁচ বছরের জন্য আমেরিকার বিশেষ মেডিক্যাল ভিসা দেওয়া হয়েছিল, যার মেয়াদ চলতি বছরেই শেষ হওয়ার কথা। নিউ ইয়র্কের বিখ্যাত ‘মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টার’-এ নিয়মিত চিকিৎসার জন্যই মূলত এই ভিসার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, এই হাসপাতালেই বহু বছর আগে ক্যানসারের চিকিৎসা করিয়েছিলেন সঞ্জয়ের মা ও কিংবদন্তি অভিনেত্রী নার্গিস দত্ত।

জানা গিয়েছে, ‘আখরি সওয়াল’ ছবির অন্যতম প্রযোজক ও প্রধান অভিনেতা সঞ্জয় গত সপ্তাহেই একাকী আমেরিকার উদ্দেশ্যে উড়ান দিয়েছেন। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু পরেশ ঘেলানির সঙ্গে সময় কাটাচ্ছেন। শোনা যাচ্ছে, নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং-এর ডাক্তারদের পরামর্শ নেওয়ার পাশাপাশি তিনি ক্যালিফোর্নিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকেরও মতামত নিয়েছেন। যদিও এই বিদেশ সফর বা তাঁর স্বাস্থ্য নিয়ে সঞ্জয় দত্ত বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Follow Us