
শীতের আমেজ গায়ে মেখে ফের সিনেমার রঙে রাঙতে চলেছে শহর কলকাতা। ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2026), যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে উত্তেজনার পারদ। রাজনৈতিক পালাবদলের আবহে এ বারের উৎসবের উদ্বোধনী মঞ্চে যে চাঁদের হাট বসতে চলেছে, তার আভাস ইতিমধ্যেই মিলছে। জানা গিয়েছে, সলমন খান, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, অনুপম খেরের পাশাপাশি দক্ষিণী তারকা রজনীকান্ত ও প্রভাসের মতো হেভিওয়েট অভিনেতাদেরও দেখা যাবে। আর এই তারকাখচিত আসরে বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তকে সামিল করতে স্বয়ং দুবাইয়ে পাড়ি দিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়।
শুক্রবার দুবাইয়ে সঞ্জয় দত্তের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন শ্যামপুরের বিধায়ক তথা অভিনেতা হিরণ। সৌজন্য সাক্ষাৎ ও গল্পগুজবের মাঝেই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার বিশেষ আমন্ত্রণ জানান তিনি। সেই বিশেষ সাক্ষাতের ভিডিও ও ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন হিরণ। ভিডিওতে সঞ্জয় দত্তকে পাশে নিয়ে হিরণকে বলতে দেখা যায়, “এখন আমি দুবাইয়ে সঞ্জয়জির বাসভবনে রয়েছি। ১৬ থেকে ২৩ ডিসেম্বর আমাদের চলচ্চিত্র উৎসব হতে চলেছে। ১৬ তারিখের উদ্বোধনে আপনি বিশেষ অতিথি হিসেবে এলে দারুণ হবে। সবচেয়ে বড় ব্যাপার, কলকাতা আপনার মায়ের জন্মভূমি। সময় বার করে অবশ্যই আসবেন।” কলকাতার সঙ্গে সঞ্জয়ের শিকড়ের এই যোগসূত্র তুলে ধরে হিরণের অনুরোধ ফেরাননি সঞ্জুবাবা। হাসিমুখেই তিনি আশ্বাস দেন, “আমি একশো শতাংশ থাকব।”
দেখে নিন হিরণের পোস্ট—
সাক্ষাৎপর্ব শেষে নিজের অনুভূতিও ভাগ করে নিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “দুবাইয়ে সঞ্জয় দত্তের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছি। দারুণ আন্তরিক আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হল। ভারতীয় সিনেমার এমন একজন বরেণ্য শিল্পীর সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে খুব ভালো লাগল। কলকাতার এই ঐতিহ্যবাহী উৎসব তাঁর উপস্থিতিতে আরও বর্ণময় হয়ে উঠবে বলেই বিশ্বাস।” প্রসঙ্গত, ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পিআর এবং মিডিয়া সাব কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন হিরণ। সেই দায়িত্ব থেকেই সঞ্জয় দত্তকে ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানাতে দুবাইয়ে ছুটে গিয়েছিলেন তিনি।