
অনেক কমবয়সি সহ-অভিনেত্রীর বিপরীতে একটি রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়েই ‘কিং’ ছবির জন্য পাকা চুলের লুকের দিকে ঝুঁকেছিলেন শাহরুখ খান। শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ে ‘মেটা’-র একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গে খোলামেলা কথা বলেন বলিউড বাদশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক করণ জোহরও। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তাঁর আগামী ছবি ‘কিং’ নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ জানান, নায়িকাদের সঙ্গে বয়সের ফারাকের কারণেই তিনি নিজের আসল বয়সের চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন তাঁর একটাই চাওয়া— ৬১ বছর বয়সি একজন কুল হিরো হয়ে ওঠা।
কোন ছবির সেটে এই উপলব্ধি হয়েছিল, তার নাম করেননি শাহরুখ। তবে তাঁর ইঙ্গিত, করণ বিষয়টি জানেন। তিনি বলেন, “পরিচালক বা নায়িকার নামও বলব না।” সেই অভিজ্ঞতা স্মরণ করে শাহরুখ জানান, নায়িকার সামনে দাঁড়িয়ে নিজের অন্যতম রোমান্টিক সংলাপ বলার মুহূর্তের কথা। তাঁর কথায়, সংলাপটি ছিল এমন— “তোমাকে খুব ভালোবাসি; তোমার চোখে হারিয়ে যেতে চাই। তোমার দিকে তাকালে মনে হয় যেন পুরো দুনিয়াটা দেখে ফেলেছি। আর হ্যাঁ, একটা কথা— আশা করি কালকের অঙ্কের হোমওয়ার্ক শেষ করেছ, বেটি!”
ওই মুহূর্ত থেকেই তাঁর ও সহ-অভিনেত্রীদের বয়সের ব্যবধান তাঁকে ভাবাতে শুরু করে বলে জানান কিং খান। এ প্রসঙ্গে তিনি বলেন, “যে মেয়েদের সঙ্গে অভিনয় করছি, তাঁদের সঙ্গে আমার বয়সের এই ফারাকের জন্যই মনে হতে শুরু করে, আমার নিজের বয়সেই অভিনয় করা উচিত, যা এখন ৬১। আর ৬১ বছর বয়সে যতটা কুল হওয়া যায়, ততটাই কুল থাকতে চাই।”
‘কিং’ ছবিটি তাঁর কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ, তা জানাতে গিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের শুরুর দিনগুলোর কথা তুলে ধরেন শাহরুখ। তিনি বলেন, “আমি বরাবরই একজন হিরো হতে চেয়েছি। প্রথম যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি, তখন মনে হতো আমি দেখতে খুব একটা সুন্দর নই।” প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগকে যে তিনি কতটা মূল্য দেন, তা স্পষ্ট করে শাহরুখ বলেন, “তাই যখন হিরো হওয়ার সুযোগ পেলাম, আমার মতো সাধারণ দেখতে মানুষের কাছে সেটা ভীষণ প্রিয় ও মূল্যবান।”
শাহরুখের মতে, এই নতুন লুক মূলত মেয়েদের তাঁর প্রতি দেখার দৃষ্টিভঙ্গি বদলানোর জন্যই। তিনি বলেন, “যাতে আজ বসে বা দাঁড়িয়ে যেকোনও সংলাপ বললেও সেটা প্রাসঙ্গিক মনে হয়।” ছবির সঙ্গে তাঁর মেয়ে সুহানার যুক্ত থাকার বিষয়টিও এই ভাবনার সঙ্গে জুড়ে দেন তিনি। শাহরুখের কথায়, “যেহেতু আমার মেয়ে সুহানাও এই ছবির অংশ, তাই দুনিয়ার সব মেয়েরই মনে হবে, আমার বাবা ঠিক এমনই হওয়া উচিত। আমি শুধু নিজের বয়সে থেকেই হিরো হতে চেয়েছিলাম।”
‘কিং’ ছবির চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ আনন্দ, সুজয় ঘোষ, সুরেশ নায়ার ও সাগর পাণ্ড্যা যৌথভাবে। এই ছবির হাত ধরেই বড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানা খানের। তারকাখচিত এই ছবিতে আরও রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, রাঘব জুয়াল ও অভয় বর্মা। শুক্রবার মুক্তি পেয়েছে করিনা কাপুর অভিনীত ছবিটির গান ‘ড্যাডি কুল’। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কিং’।