
অপেক্ষার ইতি। দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষায় ছিলেন, কবে শাহরুখ খান ও তাঁর কন্যা সুহানা খান একই ফ্রেমে আসবেন। অবশেষে সেই দিন হাজির। শোনা গিয়েছিল শাহরুখ খান ও সুহানা খান এক সঙ্গে ছবি করতে চলেছেন। পরিচালক সুজয় ঘোষের ফ্রেমে একসঙ্গে কাজ করার কথা তাঁদের। কিন্তু তারই মাঝে বিশ্ব নারীদিবসে সারপ্রাইজ় দিয়ে বসলেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন যে ক্লিপিং তা দেখে চোখ কপালে ভক্তদের। অবশেষে মেয়ে সুহানার সঙ্গে দেখা গেল তাঁকে।সিনেপাড়ায় ইতিমধ্যেই ডেবিউ হয়ে গিয়েছে সুহানা খানের। ওটিটি-র হাত ধরে অভিনয় জগতে পা রেখেছেন তিনি। এবার ভাই আরিয়ান খানের ব্র্যান্ডের হয়ে সামনে আসতে দেখা গেল তাঁকে।
আরিয়ান খানের ব্র্যান্ড ডিয়াভল বড় আন্তর্জাতিক সংস্থা ডিজনির সঙ্গে যুক্ত হতে চলেছে। সেই সুখবর ঘোষণা করতেই এক ফ্রেমে হাজির হতে দেখা গেল কিং ও সুহানাকে। মেয়ের পাশে দাঁড়িয়ে গর্বিত শাহরুখের এদিন মেজাজই ছিল আলাদা। আর ক্যামেরার পিছনে ছেলে আরিয়ান। পরিচালনার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন আরিয়ান।
শাহরুখ খান ছেলের পরিচালনায় আগেই করেছেন কাজ। আরিয়ানের সংস্থার প্রথম বিজ্ঞাপনেই কিং ছিলেন মুখ। এবার সঙ্গে যুক্ত হলেন সুহানা। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পলকে ভাইরাল। ছেলে ও মেয়ের কাজে বেজায় খুশি শাহরুখ খান। কমেন্ট বক্সে দুজনেরই প্রশংসা করতে দেখা গেল শাহরুখ খানকে। তবে এখানেই ইতি নয়। শাহরুখ খানের সঙ্গে বড় প্রজেক্টে কাজ করতে চলেছেন সুহানা খান। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা ছিল তুঙ্গে। তবে সেই অপেক্ষা যে বেজায় দীর্ঘ হতে চলেছে, তা একপ্রকার বোঝাই যায়।