Sharad Kapoor: ‘ওরা হাতে টাকা গুঁজে ভিডিয়ো তুলে তা আবার ফিরিয়ে নিচ্ছে!’ বিস্ফোরক অভিযোগ অসুস্থ শরদ কাপুরের

Sharad Kapoor Health Update: মঙ্গলবার এক ভিডিয়োবার্তায় শরদ বিস্ফোরক অভিযোগ করে জানান, কিছু লোক তাঁকে সাহায্য করার নাম করে মিথ্যে নাটক করছে, হাতে টাকা গুঁজে ভিডিও করে তা আবার ফেরত নিয়ে চলে যাচ্ছে! এই ধরনের অসদুপায় ও হেনস্থার কারণে তিনি আর বাইরের কারও সঙ্গে দেখা করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

Sharad Kapoor: ‘ওরা হাতে টাকা গুঁজে ভিডিয়ো তুলে তা আবার ফিরিয়ে নিচ্ছে!’ বিস্ফোরক অভিযোগ অসুস্থ শরদ কাপুরের

|

Nov 17, 2026 | 2:55 PM

শারীরিক অসুস্থতা ও আর্থিক অনটনের জেরে কিছুদিন আগেই সাহায্যের আর্জি জানিয়ে খবরের শিরোনামে এসেছিলেন নয়ের দশকের পরিচিত বলিউড অভিনেতা শরদ কাপুর। কিন্তু এবার তাঁর সেই অসহায় অবস্থাকে পুঁজি করে সোশাল মিডিয়ায় কন্টেন্ট বানানোর হিড়িক এবং প্রতারণার অভিযোগে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা। মঙ্গলবার এক ভিডিয়োবার্তায় শরদ বিস্ফোরক অভিযোগ করে জানান, কিছু লোক তাঁকে সাহায্য করার নাম করে মিথ্যে নাটক করছে, হাতে টাকা গুঁজে ভিডিও করে তা আবার ফেরত নিয়ে চলে যাচ্ছে! এই ধরনের অসদুপায় ও হেনস্থার কারণে তিনি আর বাইরের কারও সঙ্গে দেখা করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

সম্প্রতি নিজের শারীরিক অবস্থা ও কাজের আকুল আবেদন জানানোর পর ইন্ডাস্ট্রির বহু মানুষ ও অনুরাগীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। এর জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শরদ এক নতুন ভিডিয়োতে বলেন, “আমি ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার ভক্ত এবং যাঁরা আমার জন্য সত্যি ভাবেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা এত ভালোবাসা দিয়েছেন যা আপনারা ভাবতেও পারবেন না। কিন্তু সোশাল মিডিয়ায় অনেক ভুলভাল জিনিস দেখানো হচ্ছে… হাতে টাকা ধরিয়ে দিচ্ছে… বুঝতেই পারছি না কে কী করছে, কিচ্ছু মাথা কাজ করছে না।”

অভিনেতার স্পষ্ট অভিযোগ, অনেকে তাঁর অনুমতি ছাড়াই জোর করে তাঁর হাতে টাকা দিয়ে সেই মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করছেন এবং ক্যামেরা বন্ধ হতেই সেই টাকা আবার ফেরত নিয়ে নিচ্ছেন। এই ঘটনার পর তিনি এতটাই মানসিক অস্বস্তিতে পড়েছেন যে, আগামী দিনে বাইরের আর কারও সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

দেখুন শরদের এই ভিডিয়ো—

শরদের এই কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন বন্ধু তথা ‘বেজুবান ট্রাস্ট’-এর সঙ্গে যুক্ত হেমা চৌধুরী। তিনিই প্রথম অভিনেতার এই করুণ অবস্থার কথা প্রকাশ্যে এনেছিলেন। হেমা জানিয়েছেন, শরদের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় তিনি প্রথমে বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি। তাঁর উদ্দেশ্য ছিল কেবল অভিনেতার জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, তাঁকে এভাবে অপ্রয়োজনীয় ট্রোলের মুখে ফেলা নয়।

পাশাপাশি, ট্রাস্টের পক্ষ থেকে একটি কঠোর সতর্কবার্তা জারি করে জানানো হয়েছে, শরদ কাপুরের নাম ব্যবহার করে সোশাল মিডিয়ায় বেশ কিছু ভুঁয়ো ও প্রতারণামূলক ফান্ডিং অ্যাকাউন্ট বা অনুদানের প্রলোভন দেখানো হচ্ছে। ভক্ত ও শুভানুধ্যায়ীদের এই ধরনের ফেক অ্যাকাউন্ট বা সাহায্যপ্রার্থীদের ফাঁদে না পড়ার অনুরোধ জানিয়েছেন তিনি। কঠিন সময়ে সোশাল মিডিয়ার এই নির্মম ভণ্ডামির বিরুদ্ধে শরদ কাপুরের পাশে দাঁড়িয়ে তাঁর গোপনীয়তা ও চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতাও প্রার্থনা করেছেন তাঁর ঘনিষ্টজনেরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us