
বড়পর্দায় নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীরের ‘রামায়ণ’-কে ঘিরে দর্শকমহলে উন্মাদনা এখন তুঙ্গে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই ছবির বক্স অফিস সাফল্যের আবহেই মহাকাব্য নিয়ে নতুন চমক নিয়ে আসছে ডিসকভারি। রামায়ণের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নানা অজানা দিক তুলে ধরতে চার পর্বের বিশেষ তথ্যচিত্র সিরিজ ‘ইতিহাস: রামায়ণ বিয়ন্ড বর্ডার্স উইথ শশী থারুর’ (Itihaas: Ramayan Beyond Borders with Shashi Tharoor) সম্প্রচারের ঘোষণা করা হয়েছে। এই সিরিজের সঞ্চালক হিসেবে দেখা যাবে কংগ্রেস সাংসদ ও লেখক শশী থারুরকে।
আগামী ৭ ডিসেম্বর রাত ৯টা থেকে ডিসকভারি চ্যানেল এবং ডিসকভারি প্লাসে দেখা যাবে এই অনুষ্ঠান। তথ্যচিত্রের সঞ্চালক হিসেবে শশী থারুরের এটাই প্রথম কাজ।
এই চার পর্বের সিরিজের কাঠামো সাজানো হয়েছে রামায়ণের চার প্রধান চরিত্র— রাম, সীতা, হনুমান এবং রাবণকে ঘিরে। প্রতিটি পর্বে মহাকাব্যের ভিন্ন ভিন্ন মাত্রা বিশ্লেষণ করা হবে। কোনও পর্বে রামের আদর্শ ও রাজধর্ম নিয়ে আলোচনা থাকবে, আবার কোথাও নানা সংস্কৃতিতে হনুমানের ভিন্ন ভিন্ন রূপ ও ব্যাখ্যা তুলে ধরা হবে। পাশাপাশি সীতার সাহসিকতা এবং রাবণের বহুমাত্রিক পরিচয়ের দিকগুলোও ধরা পড়বে এই সিরিজে।
শুধু ভারত নয়, এশিয়ার বিভিন্ন দেশে কীভাবে রামায়ণের কাহিনি ছড়িয়ে পড়েছে এবং স্থান পেয়েছে, তা-ও অনুসন্ধান করা হয়েছে এই তথ্যচিত্রে। ভারত ছাড়াও কম্বোডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশে রামায়ণের প্রভাব ও ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক অর্থ কী ভাবে গড়ে উঠেছে, সেই সন্ধানই এই সিরিজের অন্যতম আকর্ষণ।
নতুন এই অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত শশী থারুর এক বিবৃতিতে জানান, ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি একটি সাহিত্যকর্ম হিসেবেও রামায়ণ বরাবরই তাঁকে আকর্ষণ করেছে। তাঁর কথায়, “শতাব্দীর পর শতাব্দী ধরে এই কাহিনি বিভিন্ন সংস্কৃতির মধ্যে দিয়ে প্রভাব ফেলেছে। বছরের পর বছর ধরে রামায়ণের নানা সংস্করণ পড়েছি এবং সেগুলি সম্পর্কে জেনেছি।”
অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে শশী আরও বলেন, “আমি বরাবরই মনে করি, এই মহাকাব্যের ব্যাপ্তি এবং সাংস্কৃতিক গুরুত্ব আরও বেশি করে মানুষের জানা উচিত। ইতিহাস ও সংস্কৃতিকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডিসকভারির নিজস্ব দক্ষতা রয়েছে। এমন একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি খুবই খুশি।”