‘সন্তানের থেকে কুকুর পোষা ভালো!’, দাম্পত্য নিয়ে বিস্ফোরক শেফালি

আজকের সমাজে ৩৭ বছর বয়সেও অনেক নারী অবিবাহিত থাকলে যেভাবে বাঁকা নজরে দেখা হয়, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এক বিস্ফোরক মন্তব্য করেন শেফালি। হাসতে হাসতে তিনি বলেন, “আমি একটা কথা বললে হয়তো আমাকে প্রচুর ট্রোল হতে হবে। কিন্তু সত্যি বলতে, সন্তান নেওয়ার চেয়ে একটা কুকুর পোষা অনেক ভালো।

সন্তানের থেকে কুকুর পোষা ভালো!, দাম্পত্য নিয়ে বিস্ফোরক শেফালি

|

May 16, 2026 | 2:55 PM

বলিউডের অন্যতম ঠোঁটকাটা এবং স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিত শেফালি শাহ। অভিনয় দুনিয়ার অন্দরমহল হোক বা সাধারণ মানুষের জীবনধারা— নিজের মতামত প্রকাশে তিনি সবসময়ই নির্ভীক। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্কের সমীকরণ এবং অভিভাবকত্ব নিয়ে এক্কেবারে ছকভাঙা মন্তব্য করে নতুন করে চর্চায় এলেন ‘দিল্লি ক্রাইম’ খ্যাত এই অভিনেত্রী। আমাদের চেনা সমাজ যেভাবে তরুণ প্রজন্মের ওপর বিয়ে ও সন্তান নেওয়ার জন্য অবিরত চাপ সৃষ্টি করে, তা নিয়ে সরব হওয়ার পাশাপাশি এক অভিনব পরামর্শও দিয়েছেন শেফালি। তাঁর সাফ কথা— সন্তান মানুষ করার চেয়ে কুকুর পোষা অনেক ভালো!

জনপ্রিয় সঞ্চালক লিলি সিংকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্কের গভীরতা নিয়ে আলোচনা করার সময় আজকের তরুণীদের তাড়াহুড়ো করে বিয়ের পিঁড়িতে বসতে নিষেধ করেছেন শেফালি। তিনি বলেন, “ঈশ্বরের দোহাই, অল্প বয়সেই কেউ বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। নিজের জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনের পথে অনেকের সঙ্গে মেশা উচিত, সঠিক মানুষটাকে চেনা দরকার।” বিয়েকে অত্যন্ত গুরুগম্ভীর একটি বিষয় উল্লেখ করে তিনি আরও যোগ করেন, “আমি সবাইকে বলি, যদি বিয়ে নামক প্রতিষ্ঠানে তোমার বিশ্বাস থাকে, তবে যেন— সম্পর্ক টিকিয়ে রাখতে প্রচুর পরিশ্রম ও খাটুনি করতে হয়।” শেফালির মতে, মানসিক পরিপক্কতা বা ম্যাচিউরিটি না এলে বৈবাহিক সম্পর্কে জড়ানো একেবারেই উচিত নয়।

আজকের সমাজে ৩৭ বছর বয়সেও অনেক নারী অবিবাহিত থাকলে যেভাবে বাঁকা নজরে দেখা হয়, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এক বিস্ফোরক মন্তব্য করেন শেফালি। হাসতে হাসতে তিনি বলেন, “আমি একটা কথা বললে হয়তো আমাকে প্রচুর ট্রোল হতে হবে। কিন্তু সত্যি বলতে, সন্তান নেওয়ার চেয়ে একটা কুকুর পোষা অনেক ভালো।” নিজের এই অদ্ভুত দাবির সপক্ষে অভিনেত্রীর যুক্তি, মানুষের জীবনে একমাত্র কুকুরই এমন এক প্রাণী, যারা কোনওরকম শর্ত বা চাহিদা ছাড়াই আজীবন নিঃশর্ত ভালোবাসা বিলিয়ে যেতে পারে।

একই সাক্ষাৎকারে আজকের বিনোদন দুনিয়ার হালহকিকত নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। নব্বইয়ের দশকের টেলিভিশনের সোনালি দিনগুলোর সঙ্গে আজকের ‘ডেইলি সোপ’-এর তুলনা টেনে তিনি বলেন, “আগেকার সিরিয়ালগুলোর একটা নির্দিষ্ট শুরু, মধ্যভাগ এবং সুন্দর সমাপ্তি থাকত। তখন মূল ফোকাস থাকত গুণগত মানের ওপর,সংখ্যার ওপর নয়। আর এখন যখন একটা সিরিয়াল ৫০০ পর্ব পার করে, তখন প্রতিদিন ডেডলাইন মেটানো আর টিআরপির পেছনে দৌড়নো ছাড়া আর কোনও কাজ থাকে না।” চিত্রনাট্যের এই অবক্ষয় নিয়ে তিনি আরও যোগ করেন, “আগেকার দিনে চমৎকার সব গল্প হত। টিআরপি কমে গেলে রাতারাতি কোনও চরিত্রকে মেরে ফেলা বা গল্প বদলে দেওয়ার মতো নোংরা ট্রেন্ড তখন ছিল না।”

ব্যক্তিগত জীবনে অবশ্য শেফালি শাহ সম্পর্ক ও মাতৃত্বের চড়াই-উতরাই দুটোই দেখেছেন। অতীতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে চার বছর পর সেই বিয়ে ভেঙে যায়। পরবর্তীতে ২০০০ সালে তিনি বিয়ে করেন নামী চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে। তাঁদের সংসারে আর্যমান ও মৌর্য নামে দুটি পুত্রসন্তান রয়েছে। তবে দুই ছেলের পাশাপাশি শেফালির সংসারে রয়েছে দুই পোষ্য— অ্যাশ এবং সিম্বা, যাদের তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসেন এবং প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবি ও ভিডিও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

Follow Us