
আরজি কর কাণ্ড নিয়ে প্রথম দিন থেকে সরব অভিনেত্রী সোহিনী সরকার। ‘রাত দখল’ থেকে মিছিল ন্যায় বিচার চেয়ে প্রতিবাদের সুর চড়িয়েছেন নায়িকা। যদি দিন এগোচ্ছে প্রতিবাদ আরও জোড়াল হচ্ছে। দিনে দিনে যে আরও বিরক্ত হয়ে উঠছেন নায়িকা তা বোঝা গেল সোমবার তাঁর কথায়।
এ দিন কলকাতা মেডিক্যাল কলেজ গণকনভেনশনে নায়িকা আরও কড়া ভাষায় প্রতিবাদ করলেন। স্পষ্ট ভাষায় জানালেন, এ দেশে থেকে তিনি নিজের সন্তান জন্ম দিতে চান না। এ দিন নায়িকা বলেন, ” আমার সদ্য বিয়ে হয়েছে। কয়েক দিন আগে আমার স্বামীকে(শোভন গঙ্গোপাধ্যায়) বলেছি এ রকম দেশে আমি সন্তান আনতে চাই না। চারিদিকে দুর্নীতি ভরে গিয়েছে। এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি আমার সন্তানকে রেখে দিয়ে যেতে পারব না।”
না, সোহিনী কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। এখনও পর্যন্ত তাঁকে কোনও রাজনৈতিক ব়্যালিতেও দেখা যায়নি। কিন্তু তার পরেও রাজনীতির রঙের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে অভিনেত্রীর নাম। সোহিনী বললেন,”রাজনৈতিক মঞ্চে যাঁরা জ্বালামুখী বক্তৃতা দেন, আমি তাঁদের মত কেউই নই। আমি একেবারেই সাধারণ মানুষ।
আমি এমন একজন মানুষ, যে পুলিশ দেখলে ভয় পাই। এখনও সিগনালে পুলিশ দাঁড়িয়ে থাকলে, মনে হয় আমার গাড়ির দিকেই হেঁটে আসছে, হয়তো আমি কিছু একটা ভুল করেছি। আমি সেরকম একজন মানুষ। কিছু বললেই, আমার নামের পাশে রাজনৈতিক ট্যাগ লাগানো হচ্ছে। প্রতিবাদ করলেও ট্রোল হচ্ছি। জানি না কোন দেশে আছি…।” এই ঘটনার পর অনেক কিছু শিখেছেন তিনি সে কথাও স্বীকার করেছেন।