
কাপুর ও অহুজা পরিবারে এখন উৎসবের আমেজ। বড় ছেলে বায়ুর পর দ্বিতীয় বার মাতৃত্বের স্বাদ পেয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ্যে এল দম্পতির ছোট ছেলের নাম। অহুজা পরিবারের কনিষ্ঠতম সদস্যের নাম রাখা হয়েছে— রুদ্রলোক কাপুর অহুজা। বড় ছেলে বায়ুর নামকরণের সময় যে আভিজাত্য দেখা গিয়েছিল, রুদ্রলোকের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
গত ২৯ মার্চ সোনম ও আনন্দের কোল আলো করে আসে তাঁদের দ্বিতীয় সন্তান। দিনটি ছিল একাদশী। নবজাতকের জন্মের এই তিথির সঙ্গে এক গভীর আধ্যাত্মিক যোগ খুঁজে পেয়েছেন দম্পতি। সমাজমাধ্যমে অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে খুশির খবর ভাগ করে সোনম জানিয়েছেন, ভগবান বিষ্ণুর আশীর্বাদেই তাঁদের জীবনে রুদ্রলোকের আগমন। ‘বায়ু’ এবং ‘রুদ্র’—দুই ভাইয়ের এই বন্ধনকে ‘স্বর্গীয়’ বলে অভিহিত করেছেন তারকা দম্পতি।
ছেলের নামের প্রতিটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে প্রাচীন বৈদিক দর্শন। সোনম ও আনন্দ জানিয়েছেন, ‘রুদ্র’ শব্দটি এসেছে সংস্কৃত ধাতু ‘রুদ’ থেকে, যার শাব্দিক অর্থ ‘গর্জন করা’। বেদের ব্যাখ্যা অনুযায়ী, এই নাম অসীম শক্তি, আরোগ্য এবং রূপান্তরের এক শক্তিশালী প্রতীক।
সোনমের ভাষায়, “রুদ্র হলেন সর্বশক্তিমানদের মধ্যেও শ্রেষ্ঠ। তিনি ঝড়, শ্বাস এবং পুনর্জাগরণের নিয়ন্ত্রক ঐশ্বরিক শক্তি।” বড় ছেলের সঙ্গে ছোট ছেলের নামের যোগসূত্রও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তিনি জানান, বায়ু হল জীবনের প্রাণশক্তি, আর রুদ্র সেই শক্তিরই এক বিশেষ রূপান্তর। দুই ভাইয়ের নামের এই মেলবন্ধন আসলে জীবনের পূর্ণতাকেই তুলে ধরে।
সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সোনম লিখেছেন, তাঁর সন্তান যেন রুদ্রের মতোই নির্ভীক, সহানুভূতিশীল এবং আধ্যাত্মিক চেতনায় সচেতন হয়ে ওঠে। সে যেন আজীবন শক্তি ও আলোর প্রতীক হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, বড় ছেলে বায়ু এবং নবজাতক রুদ্রলোকের সঙ্গে কাটানো বিভিন্ন আদুরে মুহূর্তের ছবি দিলেও, গোপনীয়তা বজায় রাখতে বরাবরের মতো এবারও সন্তানদের মুখ সরাসরি ক্যামেরার সামনে আনেননি সোনম-আনন্দ। তারকা দম্পতির এই বিশেষ নামকরণ এবং বৈদিক চিন্তাভাবনা ইতিমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে।