
‘বিগ বস’ বাংলার সঞ্চালনায় সৌরভ গঙ্গোপাধ্যায়। একদিকে যেমন এই নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল, তেমনই সঞ্চালনা ও শোয়ের ধরন ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা ও বিতর্ক। দাদার দরবারে সৌরভের বকাঝকা নিয়েও নানা মহলে আলোচনা চলছে অনবরত। ঠিক এই আবহেই এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিগ বসের সঞ্চালনা নিয়ে নিজের ৮০ বছর বয়সী মায়ের প্রতিক্রিয়ার কথা প্রকাশ্যে আনলেন মহারাজ।
দীর্ঘ এক দশক ধরে অন্য একটি জনপ্রিয় টেলিভিশন শো সঞ্চালনা করেছেন সৌরভ। সেই চেনা ছক ভেঙে বিগ বসের মঞ্চে তাঁর আগমন অনেকের কাছেই নতুন। প্রথম দিনের শুটিং সেরে বাড়ি ফেরার পর মায়ের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা ভাগ করে নেন মহারাজ।
সৌরভ জানান, তাঁর মায়ের বয়স ৮০ বছর। টিভির পর্দায় ঠিক কী ঘটছে, তা পুরোপুরি তলিয়ে না বুঝলেও শুধু ছেলেকে টিভিতে দেখতেন। তবে প্রথম দিন বিগ বসে সৌরভকে দেখে মা সরাসরি প্রশ্ন করেন, “তোকে এটা কে করতে বলেছে?” কোন শোয়ের কথা বলা হচ্ছে, তা জানতে চাইলে মায়ের জবাব ছিল, “এই শো-টা, এখানে তো সবাই সারাক্ষণ ঝগড়া করে, তুই আর শো পেলি না, তোকে এটাই করতে হল। এখানে সবাই ঝগড়া করছে, তুই ওদের সঙ্গে কী করবি!” সেদিন সৌরভ মায়ের কথায় শুধুই মুচকি হেসেছিলেন। কেননা, শোয়ের বিগ বসের শোয়ের ফরম্যাট তাঁর আশি বছরের মা যে বুঝতে পারবেন না, তা সৌরভ আগে থেকেই বুঝেছিলেন। তবে সৌরভের মা এখানেই থেমে থাকেননি। পরে একদিন ফের একই কথা বলেছিলেন মহারাজাকে।
বিগ বসের সঞ্চালনা শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য ও চর্চা শুরু হয়। শোয়ের ফরম্যাট ও সঞ্চালনা নিয়ে নানা কথা কানে যায় তাঁর মায়েরও। সৌরভের অনুমান, স্ত্রী ডোনার কাছ থেকেই হয়তো বিষয়টি জেনেছিলেন মা।
এরপর ফের মা তাঁকে প্রশ্ন করেন, “কেন করছিস, সবাই তোকে নিয়ে মন্তব্য করছে।” মায়ের সেই চিন্তার জবাবে সৌরভ সহজ করে সেদিন বোঝান, “মা পৃথিবীটা বদলে গিয়েছে, এখন সবাই এরকমই করে।”