
ছোটবেলা থেকেই কাঞ্চন মল্লিককে চেনেন, আজ জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি পাশে। প্রায় পনেরো বছরের দীর্ঘ পরিচয়ের পর কাঞ্চন ও শ্রীময়ীর পথ এক হয়েছে। একে অপরের জীবনের না বলা কথা, ভালো-মন্দ সব অধ্যায়ই তাঁদের নখদর্পণে। একাধিক সাক্ষাৎকারে শ্রীময়ী অতীতেও অকপটে স্বীকার করেছেন যে তাঁর জীবনের কঠিন লড়াইয়ে কাঞ্চনের ভূমিকা কতটা অবিস্মরণীয়। আর সম্প্রতি জি বাংলার জনপ্রিয় নন-ফিকশন শো ‘দাদাগিরি’-র মঞ্চে এসেও এই তারকা দম্পতি ফাঁস করে ছিলেন এমন এক চমকপ্রদ তথ্য, যা শুনে অবাক হয়েছেন খোদ সঞ্চালক দেবও!
শ্রীময়ী তিনি জানিয়ে ছিলেন যে বিয়ের পর পড়াশোনা শেষ করে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন! এরপরই নিজের মনের কথা খুলে বলেন শ্রীময়ী চট্টরাজ। তিনি জানান, তাঁর পরিবারে একসময় ব্যারিস্টার দাদু ছিলেন, তাই ছোটবেলা থেকেই তাঁরও ইচ্ছে ছিল আইন নিয়ে পড়াশোনা করার। কিন্তু সেই সময় মেয়েদের একা বাইরে পাঠিয়ে পড়াশোনা বা জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার ক্ষেত্রে বাড়ির কড়া নিষেধাজ্ঞা ছিল, বাবাও সেভাবে অনুমতি দিতে চাননি।
বিয়ে তো দূরের কথা, কাঞ্চনের সঙ্গে সম্পর্কের শুরুর দিনগুলোতেও শ্রীময়ীকে উৎসাহ জুগিয়েছিলেন খোদ কাঞ্চন মল্লিক। তিনি সবসময় বলতেন, পড়াশোনাটা থামিয়ে রাখা চলবে না, যেভাবেই হোক ডিগ্রি অর্জন করতেই হবে। কাঞ্চনের সেই বুস্ট-আপ বা মানসিক জোরই তাঁকে নতুন করে পথ দেখায়। সবচেয়ে বড় কথা হল, প্রেগন্যান্ট বা গর্ভাবস্থার মতো শারীরিক ও মানসিকভাবে কঠিন অবস্থার মধ্যেই কলেজের পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি!
সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই এলএলবি পরীক্ষার ফল, যেখানে ৭৫ শতাংশের ওপর দুর্দান্ত নম্বর পেয়ে সফলভাবে পাস করেছেন শ্রীময়ী। আর এবার সার্টিফিকেট হাত নিয়ে ছবি দিলেন শ্রীময়ী। জানালেন, ”আজ আমার স্বপ্নপূরণ হল তোমাদের সকলের ভালোবাসায়। অবশেষে এলএলবি ডিগ্রি হাতে পেলাম।”