
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সম্প্রতি সকলকে চমকে দিয়েছিলেন এক খবরে, আর তা হল তাঁর কন্যা সন্তান। পাইথন দত্তক নিয়েছেন তিনি। নাম রেখেছেন উলুপী। তবে এতদিন তার দেখা মেলেনি। এবার নারী দিবসে তাকে সামনে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়। তবে এক শ্রেণি যেমন উলুপীকে দেখে বেজায় খুশি, অন্য শ্রেণির মনে আবার উদ্বেগও বর্তমান। যদিও সৃজিত তাকে সন্তান স্নেহে আগলেই রেখেছে। তার কাছে সে সহজ, সরল, নিষ্পাপ। সোশ্যাল মিডিয়ায় উলুপীর ছবি শেয়ার করে তিনি কবীর সুমনের একটি গানের অংশের উল্লেখ করেন, লেখেন, ‘তুই হেসে উঠলেই সূর্যও লজ্জা পায়’। সেই পোস্ট মুহূর্তে ভাইরাল।
কমেন্ট বক্সে চোখে পড়ে নানা জনের নানা মত। সেখানেই উপস্থিত লেখিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। মজা করে এদিন তাঁকে লিখতে দেখা গেল, ‘আশা করি তোমাকে লম্বায় মাপবে না’। পাল্টা সৃজিত মুখোপাধ্যায় লিখেছিলেন, ‘এটা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া গুজব মাত্র। ওদের অত আইকিউ হয় না।’ এরপর কথা প্রসঙ্গে লেখিকা সৃজিতকে প্রশ্ন করেন, তিনি গেলে মেয়ের জন্য কী উপহার নেবেন? উত্তরে সৃজিত বলেন ইন্দুর কিংবা অ্যাকোরিয়ামের পাথর।
প্রসঙ্গত এই খবর যখন প্রথম সামনে এসেছিল তখন থেকেই তা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। একশ্রেণি এও প্রশ্ন তুলেছিলেন যে তিনি এই অজগরকে রাখার সিদ্ধান্তের পিছনে কোনও আইনি পথ অনুস্মরণ করেছিলেন কি না, সেই প্রসঙ্গেও সৃজিত জানিয়ে দিয়েছিলেন, তাঁর কাছে সমস্ত অনুমতি রয়েছে। তিনি কাগজে কলমে কাজ শেষ করেই মেয়েকে ঘরে এনেছেন।