
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার পর থেকেই চরম উদ্বেগ তৈরি হয়েছে বি-টাউনে। তারকাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে, কারা এই আকস্মিক হামলার নেপথ্যে রয়েছে, তা নিয়ে দিনভর জল্পনা চলেছে নেটপাড়ায়। এই রটনা ও ধোঁয়াশার মাঝেই অবশেষে নীরবতা ভাঙল টাইগারের জনসংযোগ ও সহযোগী টিম। এক দীর্ঘ বিবৃতি জারি করে ভুয়ো খবর ছড়ানো রোধে কড়া বার্তা দিয়েছে তারা।
অভিযোগ উঠেছে, হামলার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ভুয়ো ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে টাইগারের টিম স্পষ্ট জানিয়েছে, সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাটি নিয়ে অভিনেতা নিজে এখনও পর্যন্ত প্রকাশ্যে একটি বাক্যও ব্যয় করেননি বা কোনও ভিডিয়ো বার্তা দেননি।
বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে জানাতে চাই যে, সাম্প্রতিক ঘটনা বা এর সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় নিয়ে টাইগার শ্রফ নিজে কোনও বক্তব্য রাখেননি। তিনি কোনও ভিডিও প্রকাশ করেননি এবং তাঁর পক্ষ থেকে অন্য কাউকেও বার্তা দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।”
সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে তৈরি করা কনটেন্ট ও বানিয়ে বলা গল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই বার্তায়। টাইগারের টিমের দাবি, সম্পূর্ণ মনগড়া খবর ও সাজানো কাহিনি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা চলছে। সংবাদমাধ্যমের প্রতিও তাঁদের বিশেষ অনুরোধ—কোনও নিশ্চিত তথ্য ছাড়া যেন এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস বা প্রচার না করা হয়।
একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, টাইগারের নাম ব্যবহার করে যারা মনগড়া ভিডিও বা অসত্য তথ্য প্রচার করছে, তাদের বিরুদ্ধে এবার কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ভক্ত ও অনুরাগী মহলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে টাইগারের টিমের আর্জি—অভিনেতাকে নিয়ে কোনও খবর বিশ্বাস করার আগে তার সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করে নেওয়া একান্ত প্রয়োজন।