
টেলিপাড়ার অন্যতম মিষ্টি ও জনপ্রিয় দম্পতি উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী। ২০২৩ সালের ২৮ জুন আইনি বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেছিলেন তাঁরা। বর্তমানে দু’জনেই শুটিং ফ্লোরে চরম ব্যস্ত। একদিকে যেমন উদয় একের পর এক ধারাবাহিকে দর্শকদের মন জয় করছেন, তেমনই সাত-আট মাসের বিরতি কাটিয়ে ‘গঙ্গা’ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় দারুণ কামব্যাক করেছেন অনামিকাও। আর এই ব্যস্ততার মাঝেই উদয়ের সঙ্গে এক অবাক করা কাণ্ড ঘটিয়ে বসলেন ধারাবাহিক ‘পরিণীতা’-র কলাকুশলীরা। যে উদয় সবসময় সেটে সকলের সঙ্গে মজা ও প্র্যাঙ্ক করতে ওস্তাদ, এবার নিজেই পড়ে গেলেন সেই ফাঁদে!
কীভাবে উদয়ের গাড়িতে এল কার্তিক?
বিয়ের তিন বছর পর অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের গাড়িতে চুপিচুপি কার্তিক ঠাকুর বসিয়ে দিয়েছেন ‘পরিণীতা’ ধারাবাহিকের সহকর্মীরা। শুটিং শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার সময় ঘুণাক্ষরেও বিষয়টি টের পাননি অভিনেতা। গাড়িতে কার্তিক দেখার পর দম্পতির প্রতিক্রিয়া কেমন ছিল, তা সোমবার গভীর রাতে একটি ভিডিওবার্তায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন স্ত্রী অনামিকা চক্রবর্তী।
সোশাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিয়োতে স্বামীর সঙ্গে ঘটা এই কাণ্ডের কথা বলতে গিয়ে রীতিমতো হাসিতে ফেটে পড়েন অনামিকা। তিনি জানান, যে মানুষটা সারাজীবন সবার সঙ্গে প্র্যাঙ্ক করে এসেছে, আজ টিম ‘পরিণীতা’ তাঁর সঙ্গেই জীবনের সবচেয়ে বড় প্র্যাঙ্ক করে দিয়েছে, আর সেই সূত্রে ফেঁসে গিয়েছেন তিনি নিজেও।
তবে বাড়িতে হঠাৎ কার্তিক এলেও, এই মুহূর্তে যে তাঁদের সংসারে নতুন অতিথি আসার কোনও পরিকল্পনা নেই, তা স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততার মাঝে পুজোর আয়োজন সামলানো নিয়ে সামান্য চিন্তায় থাকলেও গোটা বিষয়টি বেশ উপভোগই করছেন অনামিকা।
ভিডিয়োবার্তায় অভিনেত্রীর সংযোজন, “এত রাতে পুরোহিত জোগাড় করতে পারিনি, তাই কাল পুজো হবে। প্রথা অনুযায়ী আগামী তিন বছর এই পুজো করতেই হবে। ভাগ্যিস কাল আমার লেট কল টাইম রয়েছে, তাই এ যাত্রায় বেঁচে গিয়েছি। মঙ্গলবার সকালে উঠে সব জোগাড় করব, বাড়িতে ধুমধাম করে পুজো হবে।” সব মিলিয়ে, কার্তিক পুজোর আবহে টেলিপাড়ার এই সেলেব দম্পতির মিষ্টি খুনসুটি ও পুজোর প্রস্তুতি এখন নেটদুনিয়ায় দারুণ চর্চায়।