Villain Uttam Kumar: ‘মহানায়ক’ উত্তমকে তো চেনেন, ‘খলনায়ক’ উত্তম কুমারের কথা জানা আছে?

Uttam Kumar Negative Shade: সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবির সন্দীপ চরিত্রের প্রস্তাব ঘনিষ্ঠদের পরামর্শে নেতিবাচক শেডের কারণে ফিরিয়ে দিলেও, তার অনেক আগেই এক নেতিবাচক ছাঁদের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন মহানায়ক। তবে সেই চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য বদলাতে গিয়ে চিত্রনাট্যেই রদবদল ঘটাতে হয়েছিল এবং শুটিং পর্যন্ত থমকে গিয়েছিল একপর্যায়ে।

Villain Uttam Kumar: মহানায়ক উত্তমকে তো চেনেন, খলনায়ক উত্তম কুমারের কথা জানা আছে?

|

Nov 25, 2026 | 6:33 PM

বাংলা চলচ্চিত্রে নিজের ভাবমূর্তি নিয়ে বরাবরই অত্যন্ত সচেতন ছিলেন উত্তম কুমার। দর্শকের নাড়ি বোঝার অসামান্য ক্ষমতা ছিল তাঁর— পর্দায় কোন কাজ দর্শকের মনে ধরবে আর কোনটিতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, তা আগেভাগেই আঁচ করতে পারতেন তিনি। শোনা যায়, সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবির সন্দীপ চরিত্রের প্রস্তাব ঘনিষ্ঠদের পরামর্শে নেতিবাচক শেডের কারণে ফিরিয়ে দিলেও, তার অনেক আগেই এক নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন মহানায়ক। তবে সেই চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য বদলাতে গিয়ে চিত্রনাট্যেই রদবদল ঘটাতে হয়েছিল এবং শুটিং পর্যন্ত থমকে গিয়েছিল একপর্যায়ে।

ছয়ের দশকের শুরুর দিকে পরিচালক হরিদাস ভট্টাচার্যর ‘শেষ অঙ্ক’ ছবির কাজ চলছিল। বাংলা সিনেমার অন্যতম আলোচিত কোর্ট ড্রামা হিসেবে পরিচিত এই ছবিতে ধূসর বা নেতিবাচক শেডে দেখা গিয়েছিল উত্তম কুমারকে। প্রাথমিক চিত্রনাট্য অনুযায়ী, গল্পে স্ত্রীর গলা টিপে হত্যার অভিযোগের বিচার চলার প্রেক্ষাপট রাখা হয়েছিল।

কিন্তু স্ত্রীর গলা টিপে খুন করার দৃশ্যটি নিয়ে আপত্তি তোলেন উত্তম। তাঁর আশঙ্কা ছিল, এমনভাবে স্ত্রীকে খুন করতে দেখলে দর্শক তাঁকে পুরোদস্তুর খলনায়ক হিসেবে ধরে নেবেন, যা তাঁর পর্দার ইমেজের সঙ্গে খাপ খাবে না। অন্যদিকে নিজের ভাবনায় অনড় ছিলেন পরিচালক হরিদাস ভট্টাচার্য। ফলে দু’জনের মতভেদ ও টানাপোড়েনে ছবির শুটিং সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

অচলাবস্থা কাটাতে এগিয়ে আসেন পরিচালকের সহধর্মিণী তথা কিংবদন্তি অভিনেত্রী কানন দেবী। তিনি পরিচালককে বোঝান, গলা টিপে খুনের বদলে দৃশ্যটিতে একটি চড়ের ঘটনা রাখা হোক, যার অভিঘাতেই স্ত্রীর মৃত্যু ঘটবে। ছবির স্বার্থে সেই প্রস্তাব মেনে নেন পরিচালক এবং পরবর্তীতে সম্মতি দেন উত্তম কুমারও।

বদলানো দৃশ্য ও টানটান রহস্য নিয়ে ছবিটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে সাড়া ফেলে। নেতিবাচক চরিত্রের আভাস থাকা সত্ত্বেও উত্তমের অভিনয় দর্শকদের আকৃষ্ট করে। এই ছবিতে উত্তম কুমারের পাশাপাশি অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর, সাবিত্রী চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, পাহাড়ি সান্যাল, বিকাশ রায় এবং কমল মিত্রের মতো বিশিষ্ট শিল্পীরা।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us