
দেখতে মিষ্টি, অভিনয়ে দুরন্ত। অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্য়ায়কে নিয়ে এককথায় কিছু প্রকাশ করতে হলে, এই দুটো সম্বোধনই একেবারে পারফেক্ট। কিন্তু জানেন কি? সদা হাসি-খুশি থাকা মৌসুমীর ব্যক্তিগত জীবনে ঝড় ঝাপটা। অল্প বয়সে বিয়ে থেকে, অল্প বয়সে অন্তঃসত্ত্বা। তারপর বড় মেয়েকে হারানো, মৌসুমীর জীবনকে কঠিন করে তুলেছিল। তবুও মনের জোর মৌসুমীকে হারতে শেখায়নি। শুটিং ফ্লোরে ক্যামেরা অন হলেই, সব ভুলে মৌসুমী হয়ে উঠতেন অনন্যা।
বেশ কয়েকবছর আগে ‘লেহরেন রেট্রো’-কে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে মেয়ের দীর্ঘ অসুস্থতা, কোমা এবং সেই কঠিন সময় পেরিয়ে আসার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন মৌসুমী। অভিনেত্রী জানান, ২০১৭ সাল থেকে প্রায় আড়াই বছর কোমায় ছিলেন তাঁর বড় মেয়ে পায়েল। সেই সময় মেয়ের শারীরিক কষ্ট ও লড়াইয়ের যন্ত্রণার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মৌসুমী জানান, তিনি আর সেই অন্ধকার অধ্যায়ে ফিরে যেতে চান না, কারণ মেয়ের এই কষ্ট সহ্য করা তাঁদের পুরো পরিবারের জন্য ছিল এক মর্মান্তিক অভিজ্ঞতা।
মেয়ের সেই দিনগুলির কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, দীর্ঘ চিকিৎসার শেষের দিকে পায়েল বাঁচতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছিলেন না তাঁরা। ভারী মনে মৌসুমী বলেছিলেন, “শেষের দিকে পায়েল বাঁচতে চেয়েছিল। কিন্তু ওর এত কষ্ট দেখে শেষ পর্যন্ত আমাকে ভগবানকে ডাকতে হয়েছিল— ঈশ্বর, এবার ওকে নিজের কাছে ডেকে নাও, আমি আর ওর এই কষ্ট দেখতে পারছি না।”
একই সময়ে নিজের মায়ের প্রয়াণের কথাও শেয়ার করেন অভিনেত্রী। তিনি জানান, সেই কঠিন সময়ে তাঁর মা মারা যান, কিন্তু মৃত্যুর আগে তিনি জানতেও পারেননি কেন তাঁর নাতনি পায়েল হাসপাতালে চিকিৎসাধীন। মায়ের মৃত্যুর কথা গোপন রাখার সেই মানসিক চাপ ও পরিবারের একসঙ্গে থাকার শক্তিই তাঁদের এই ধাক্কা সামলাতে সাহায্য করেছিল বলে জানান মৌসুমী। তিনি বলেন, একমাত্র পরিবারের একতাই তাঁদের এই কঠিন সময় পার করতে শক্তি জুগিয়েছিল।
উল্লেখ্য, পায়েল মূলত টাইপ-১ ডায়াবেটিসে (Type-1 Diabetes) আক্রান্ত ছিলেন। রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকার কারণে তাঁর কিডনি ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে ২০১৭ সাল থেকে তিনি প্রায় আড়াই বছর কোমায় চলে যান। মাঝে একবার তাঁর জ্ঞান ফিরলেও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। দীর্ঘদিন হাসপাতালে ও চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর, ২০১৯ সালের ডিসেম্বরে মাত্র ৪৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পায়েল।