Honey Singh: অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন হানি! কীভাবে বাঁচান শাহরুখ-অক্ষয়?

Shah Rukh Khan warned Honey Singh: মাদকাসক্তি এবং অহংকারের কারণে একটা সময় অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন হানি সিং। সেই কঠিন সময়ে শাহরুখ খান এবং অক্ষয় কুমার তাঁকে বারবার সতর্ক করেছিলেন। সম্প্রতি নিজের পতন এবং বলিউডের তারকাদের উপদেশ নিয়ে মুখ খুললেন গায়ক।

Honey Singh: অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন হানি! কীভাবে বাঁচান শাহরুখ-অক্ষয়?
কী ঘটেছিল?

May 28, 2026 | 2:33 PM

একটা সময় ছিল যখন আসমুদ্রহিমাচল দুলত তাঁর গানে। ‘ইয়ো ইয়ো হানি সিং’ বলতেই উন্মাদনা ছড়াত তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু সাফল্যের সেই চূড়ায় বসেই ধীরে ধীরে অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছিলেন র‍্যাপার-গায়ক হানি সিং। আর সেই ঘোর অন্ধকারের দিনে তাঁকে বারবার সতর্ক করেছিলেন খোদ ‘বলিউড বাদশা’ শাহরুখ খান এবং ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। কী বলেছিলেন তাঁরা? সম্প্রতি সেই অজানা কাহিনিই প্রকাশ্যে এনেছেন খোদ হানি সিং। ঠিক কী ঘটেছিল?

 

সম্প্রতি একটি পডকাস্টে নিজের জীবনের সেই ভয়ংকর অধ্যায় নিয়ে মুখ খুলেছেন ৪৩ বছর বয়সি এই তারকা। ২০১১ থেকে ২০১৪ সাল, এই সময়টা ছিল হানির রাজত্ব। চারদিকে শুধু অর্থ আর খ্যাতি। কিন্তু এই আকাশছোঁয়া জনপ্রিয়তাই তাঁকে বাস্তবের মাটি থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। সাফল্য তাঁকে কখনও সত্যিকারের আনন্দ দেয়নি। মাদকাসক্তি আর অহংকার এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তিনি নিজেকে ‘ঈশ্বর’ ভাবতে শুরু করেছিলেন। হানির কথায়, “১৩ বছর আগের সেই দিনগুলো ছিল পাগলামিতে ভরা। সফল হয়েও ভেতর থেকে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। এক অজানা অন্ধকারে ডুবে ছিলাম।”

খ্যাতির মোহে অন্ধ হয়ে কীভাবে নিজের সত্তাকে হারিয়েছিলেন, তা স্বীকার করতেও দ্বিধা করেননি তিনি। গায়কের অকপট স্বীকারোক্তি, “সেই সময় আমার হাঁটাচলা, কথা বলার ধরন, সব বদলে গিয়েছে। মাদকের ঘোরে আমি সবার সঙ্গে খারাপ ব্যবহার করতাম, সবাইকে অবজ্ঞা করতাম। আমার মনে হত, যা করার আমিই করেছি।” নিজের সেই রূপকে ‘পৈশাচিক’ বলেও আখ্যা দিয়েছেন হানি। তবে এ কথা মানতেই হল যে, নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। নিজের এই পতনের জন্য অন্য কোনও ব্যক্তি বা গ্ল্যামার জগতকে বিন্দুমাত্র দায়ী করতে চান না তিনি।

বলিউডের তাবড় তারকারা, যেমন- অমিতাভ বচ্চন, সলমন খান, শাহরুখ খান এবং অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছেন হানি সিং। এঁদের প্রত্যেককেই অত্যন্ত ‘সাধারণ মানুষ’ বলে উল্লেখ করেছেন তিনি। গায়ক জানান, তাঁর এই বিপজ্জনক জীবনযাপন দেখে বারবার সতর্ক করেছিলেন তাঁরা। বিশেষ করে শাহরুখ এবং অক্ষয়। শাহরুখ খান নাকি তাঁকে একাধিকবার বলেছিলেন, “এই নেশা তোমায় শেষ করে দেবে, ধ্বংস করে দেবে!”

 

দীর্ঘ কয়েক বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর, মানসিক স্বাস্থ্য আর মাদকের সঙ্গে লড়াই জিতে ফের মূল স্রোতে ফিরেছেন তিনি। ২০২৪ সালে মুক্তি পেয়েছে তাঁর নতুন অ্যালবাম ‘গ্লোরি’। পুরনো সেই অন্ধকার অতীত ভুলে এখন গানের জগতেই ফের নিজের সাম্রাজ্য গড়তে ব্যস্ত ‘ইয়ো ইয়ো হানি সিং’।

Follow Us