
২০২৩ সালের ৭ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। এবার তাঁর বিয়ের পর প্রথম দোল। কিন্তু শহরে নেই সন্দীপ্তা। তিনি পাড়ি দিয়েছেন বেঙ্গালুরুতে। তার কারণ সেখানে রয়েছে এক পুচকু। সেই পুচকের টানে শহর ছাড়তে বাধ্য হয়েছেন অভিনেত্রী। একেবারেই কি দোল খেলছেন না এবার? বিয়ের পর প্রথম দোল বলে কথা। TV9 বাংলাকে কী বললেন সন্দীপ্তা?
এবার দোলের ছুটিটা অদ্ভুত পড়েছে। শনি-রবি এমনিতেই ছুটি থাকে অনেক অফিসে। ২৫ মার্চ, সোমবার দোল। গোটা দেশেই ছুটি-ছুটি ভাব। শনি-রবি-সোম এই লং উইকেন্ড এবং তিনদিনের ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই শহর ছেড়ে পাড়ি দিয়েছেন অন্যত্র।
সন্দীপ্তার মনও টেকেনি কলকাতায়। এমনিতেই তাঁর পায়ের তলায় সর্ষে। সারা বছর কোথাও না কোথাও বেড়াতে যান সন্দীপ্তা। তার উপর স্বামী সৌম্যর অধিকাংশ বন্ধুই থাকে বেঙ্গালুরুতে। একজন বন্ধুর আবার সন্তানের জন্ম হয়েছে। সেই সদ্যজাতকে দেখতেই বেঙ্গালুরুতে ছুটেছেন সন্দীপ্তা। TV9 বাংলাকে তিনি বলেছেন, “তিন দিনের একটা ছুটি পাওয়া গিয়েছিল। রবিবার আমি বেঙ্গালুরুতে এসেছি। সোমবার সন্ধ্যার ফ্লাইটে আবার কলকাতায় ফিরব। আসলে সৌম্যর এক বন্ধুর সন্তান হয়েছে। পুচকুটাকে দেখতেই আসা।”
বেঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে বিয়ের পর প্রথম দোল খেলবেন সন্দীপ্তা-সৌম্য। কোনও বারই খুব বেশি রং মাখতে পছন্দ করেন না অভিনেত্রী। বলেছেন, “রং মাখা এক বিশ্রী ব্যাপার এবং রংটা তোলার জন্য যে মেহনত করে স্নান করতে হয় সেটা আমার একদম ভাল লাগে না। সেই ছোট থেকেই।” সন্দীপ্তার আবার এক বিশেষ রঙের প্রতি অ্যালার্জি আছে। জানলে অবাক হবেন, সেই রংটা লাল। বলেছেন, “লাল রংটাই আমার একেবারে অপছন্দ। সেইজন্য বিয়েতেও আমি লাল বেনারসী পরিনি। পরেছিলাম গোলাপি। লাল আবিরও আমার ভাল লাগে না। সেই সঙ্গে যদি ঘাম হয়, ইশ…! এই দুটোর কম্বিনেশন আমার ভাল লাগে না। দোলে আমরা বন্ধুরা মিলে সামান্য আবির খেলব। এটুকুই প্ল্যান। তারপরেই ফিরব কলকাতায়।”