Ranveer Singh: ফারহান আখতারের জন্যই কি বলিউডে ‘বয়কট’ রণবীর?

FWICE non cooperation directive Ranveer Singh: আওতাধীন কর্মী এবং টেকনিশিয়ানদের সংশ্লিষ্ট অভিনেতার কোনো শ্যুটিং বা প্রোডাকশনের কাজে সহযোগিতা না করার অনুরোধ জানানো হয়। যেহেতু একটি চলচ্চিত্র নির্মাণের পেছনে এই সমস্ত কলাকুশলীদের ভূমিকা অনস্বীকার্য, তাই এই ধরণের অসহযোগিতার ফলে চলমান বা আগামী প্রজেক্টগুলোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

Ranveer Singh: ফারহান আখতারের জন্যই কি বলিউডে বয়কট রণবীর?

|

May 26, 2026 | 2:03 PM

বলিউড অভিনেতা রণবীর সিংকে নিয়ে টিনসেল টাউনে তৈরি হয়েছে এক নজিরবিহীন বিতর্ক। ‘ডন ৩’ (Don 3) সিনেমা থেকে হঠাৎই অভিনেতার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ (FWICE)। এর জেরেই সোমবার, ২৫ মে অভিনেতার বিরুদ্ধে একটি “অসহযোগ নির্দেশিকা” বা একপ্রকার বয়কটের ডাক দিয়েছে ফেডারেশন। এই ঘটনার পর থেকেই নেটপাড়ায় জোর চর্চা—তবে কি এবার সত্যিই বলিউড ছাড়তে হবে রণবীরকে? এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কী ঘটেছে এবং এই নিষেধাজ্ঞার ফলে অভিনেতার কেরিয়ারে কতটা প্রভাব পড়তে পারে।

বলিউডে কি আর কাজ করতে পারবেন না রণবীর?

টেকনিক্যাল দিক থেকে বিচার করলে, এফডব্লিউআইসিই (FWICE)-এর এই নিষেধাজ্ঞা কোনও আইনি নিষেধাজ্ঞা বা সরকারি নিষেধাজ্ঞা নয়। এটি মূলত একটি অভ্যন্তরীণ নির্দেশিকা, যার মাধ্যমে ফেডারেশনের আওতাধীন কর্মী এবং টেকনিশিয়ানদের সংশ্লিষ্ট অভিনেতার কোনো শ্যুটিং বা প্রোডাকশনের কাজে সহযোগিতা না করার অনুরোধ জানানো হয়। যেহেতু একটি চলচ্চিত্র নির্মাণের পেছনে এই সমস্ত কলাকুশলীদের ভূমিকা অনস্বীকার্য, তাই এই ধরণের অসহযোগিতার ফলে চলমান বা আগামী প্রজেক্টগুলোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তবে এটি আইনি কোনও বাধা নয়, ফলে আইনত কোনও নতুন চুক্তি স্বাক্ষর বা অভিনয় করার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকে না।

কেন এই কঠোর পদক্ষেপ ফেডারেশনের?

সূত্রের খবর, ‘ডন ৩’ প্রজেক্ট থেকে রণবীর সিংয়ের আকস্মিক প্রস্থানই এই বিতর্কের মূল কারণ। ফেডারেশনের দাবি, বিষয়টি নিয়ে রণবীরের পক্ষ জানতে এবং সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য অভিনেতাকে একাধিকবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু বারবার যোগাযোগ করা সত্ত্বেও তাঁর তরফ থেকে কোনও সাড়া না মেলাতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, ছবির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইমেন্ট’-এর তরফ থেকেও বড় ধাক্কা দেওয়া হয়েছে অভিনেতাকে। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজে ইতিমধ্যে যে খরচ হয়ে গিয়েছে, তার ক্ষতিপূরণ বাবদ রণবীরের কাছে ৪৫ কোটি টাকা দাবি করেছে তারা।

কী বলছেন রণবীর সিং?

এই গোটা বিতর্ক এবং জল্পনা নিয়ে মুখ খুলেছেন রণবীর সিংয়ের মুখপাত্র। অভিনেতার তরফ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে, রণবীর এই বিষয়টিকে কেন্দ্র করে হওয়া কোনো রকম জল্পনা-কল্পনায় নতুন করে ইন্ধন দিতে চান না। এই ধরণের পেশাদারী মতপার্থক্যগুলো ব্যক্তিগত স্তরেই মিটিয়ে নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

বিবৃতিতে বলা হয়েছে, “‘ডন ৩’ ছবিটিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সমস্ত ঘটনার মধ্যে রণবীর সচেতনভাবেই নীরবতা বজায় রেখেছেন। তিনি বিশ্বাস করেন যে, পেশাদারী আলোচনা এবং পারস্পরিক সম্পর্ক সবসময় মর্যাদা, পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গেই সামলানো উচিত।”

মুখপাত্র আরও যোগ করেছেন, “সময় বদলের সঙ্গে সঙ্গে নানা রকম তত্ত্ব এবং জল্পনা সামনে এলেও, রণবীর কখনোই জনসমক্ষে সেগুলোর উত্তর দেওয়া বা গুঞ্জন বাড়ানো প্রয়োজনীয় মনে করেননি। তাঁর সম্পূর্ণ মনোযোগ এখন কেবল নিজের কাজ এবং আগামী দিনের প্রতিশ্রুতির ওপর রয়েছে।” এখন দেখার, বলিপাড়ার এই জটিল সমীকরণ কোন দিকে মোড় নেয় এবং প্রযোজক ও ফেডারেশনের সঙ্গে রণবীর এই সংঘাত কীভাবে মিটিয়ে নেন।

Follow Us