
বিশ্বজুড়ে যুদ্ধের দামামা আর রাজনৈতিক অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়ল দক্ষিণি সিনেমার পর্দায়। কন্নড় সুপারস্টার যশ অভিনীত মেগা প্রজেক্ট ‘টক্সিক’-এর মুক্তি স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘাতের জেরে তৈরি হওয়া চরম অনিশ্চয়তার কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা। অন্যদিকে, এদিনই মুক্তি পাওয়ার কথা রণবীর সিংয়ের ‘ধুরন্দর ২’ ছবি। যে ছবি নিয়ে সিনেমহলে ছিল বেশ উত্তেজনা। ‘টক্সিক’ ছবির মতো কি, ‘ধুরন্দর ২’ এর মুক্তিও পিছিয়ে যেতে পারে? এই নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনও বিবৃতি পেশ করা হয়নি ‘ধুরন্দর’ টিমের পক্ষ থেকে।
কেন পিছল মুক্তি?
আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসার কথা ছিল এই ছবিটির। কিন্তু ৪ মার্চ একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নির্মাতারা জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে মুক্তির তারিখ পিছিয়ে জুন মাসে নিয়ে যাওয়া হয়েছে।
কী বলা হয়েছে বিবৃতিতে?
“আমরা ‘টক্সিক’ ছবিটিকে বিশ্বজনীন দর্শকদের কথা মাথায় রেখে কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি করেছি। বছরের পর বছর হাড়ভাঙা খাটুনির পর ১৯ মার্চ এটি আপনাদের সামনে আনার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা আমাদের লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই এই ছবি বিশ্বের প্রতিটি প্রান্তের দর্শকের কাছে পৌঁছাক, যা এই মুহূর্তে সম্ভব নয়।” যশের এই সিনেমাটি পিছিয়ে যাওয়ায় বক্স অফিসে বড়সড় রদবদল ঘটতে চলেছে। মার্চ মাসে রণবীর সিং-এর ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)-এর সাথে ‘টক্সিক’-এর এক বিশাল টক্কর হওয়ার কথা ছিল।