
নয়া দিল্লি: প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই আটক করা হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’র নেতা অভিজিৎ দীপকেকে (Abhijit Dipke)। দিল্লিতে নামার আগে বিমানবন্দরেই আটক করা হয় তাঁকে। বর্তমানে তিনি দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই তাঁর বাড়ি থেকে এল দুঃসংবাদ। আন্দোলনে যোগ দিতে যখন দিল্লিতে পৌঁছেছে দীপকে, তার মধ্যেই সিজেপির প্রতিষ্ঠাতার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শনিবারই প্রয়াত হয়েছেন অভিজিৎ দীপকের ঠাকুমা। বার্ধক্যজনিত দীর্ঘ অসুস্থতার কারণে তাঁর হিংগোলির বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর ঠাকুমার। হিংগোলির সন্তুক পিম্পরি গ্রামে দীপকের পৈতৃক বাড়ি রয়েছে। সেখানেই থাকতেন তাঁর ঠাকুমা। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বয়সজনিত কারণেও দুর্বল হয়ে পড়েছিলেন। তাঁর মৃত্যুর ফলে দীপকের পরিবারে শোকের আবহ তৈরি হয়েছে।
অভিজিৎ দীপকের বাবা ভগবান দীপকে ও মা অনিতা এই মুহূর্তে ছত্রপতি সম্ভাজিনগরে রয়েছেন। তাঁদের বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ বাহিনী। তবে ঠাকুমার মৃত্যুর খবর পেয়ে তাঁরা অবিলম্বে হিংগোলির উদ্দেশে রওনা হচ্ছেন বলে জানা গিয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে শনিবার আন্দোলনের ডাক দেয় সিজেপি। তাতে যোগ দিতেই দিল্লি পৌঁছন অভিজিৎ দীপকে। তাঁকে একটি থানায় নিয়ে যাওয়া হবে বলে জানা গেলেও, কোন থানায় রাখা হয়েছে, তা পুলিশ এখনও জানায়নি। তাঁর ঠাকুমার মৃত্য়ুর খবর আদৌ তাঁর কাছে পৌঁছেছে কি না, সেটাও এখনও স্পষ্ট নয়।