
নয়া দিল্লি: ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআই (NCPI)-এর সঙ্গে মিশে গিয়েছেন ইতিমধ্যেই। তাঁরা বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে ছিলেন সৌগত রায় সহ অন্যান্য তৃণমূল সাংসদরাও।
সোমবার দুপুরে মোট দুই দাবি নিয়ে স্পিকারের দ্বারস্থ হন তাঁরা। এক মাস আগেও স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ জন বিদ্রোহী সাংসদের সাংসদপদ বাতিলের আর্জি জানিয়েছিলেন তিনি। এবার ওই একই দাবি নিয়ে স্পিকারের কাছে গিয়েছেন অভিষেক।
সূত্রের খবর, মূলত দুই দাবি নিয়ে সোমবার সংসদে স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের সাসপেনশন প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দলবিরোধী কাজের জন্য এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ সাংসদদের সদস্যপদ খারিজের আবেদন দ্রুত বাস্তবায়িত করার দাবিও জানানো হয়েছে।
এনসিপিআই সাংসদ মিতালি বাগের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। পুরো অধিবেশন থেকেই সাসপেন্ড করা হয়েছে তাঁকে। তাঁর সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়ে আগেই স্পিকারের কাছে গিয়েছিলেন রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী দলের সাংসদ। এবার অভিষেকরাও স্পিকারের দ্বারস্থ হলেন।
এদিকে, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ ২০ জন সাংসদের সাংসদ পদ প্রত্যাহারের আর্জি জানানোর পর এক মাস কেটে গিয়েছে। প্রত্যেক সাংসদের জন্য পৃথকভাবে একটি করে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়েও এদিন জানতে চান অভিষেক।