Abhishek Banerjee at Supreme Court: বিদেশেই যাবেন, মামলা ফেরানোর পর আবারও সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক

Abhishek Banerjee Case: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দিয়েছিলেন, হাইকোর্টেই এই মামলার শুনানি হবে। একইসঙ্গে নির্দেশ দিয়েছিলেন, চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন কি না সেবিষয়ে এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হবে। এরপর হাইকোর্টে ওঠে মামলা।

Abhishek Banerjee at Supreme Court: বিদেশেই যাবেন, মামলা ফেরানোর পর আবারও সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 07, 2026 | 10:34 AM

নয়া দিল্লি: প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, তারপর আবার হাইকোর্ট। কোথাও কোনও সুরাহা না হওয়ায়, এবার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা দেশের কোনও হাসপাতালে করাতে চান না তিনি। যাবেন বিদেশেই। কলকাতা হাইকোর্ট এসএসকেএমে চিকিৎসা করাতে বলায় আপত্তি জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। খারিজ হয়ে যায় তাঁর মামলা।

মামলার সূত্রপাত

চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দেয় আদালত। গত ২০ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে বলেছিলেন, “আপনার চোখের চিকিৎসা কলকাতার হাসপাতালে করা হয়নি। আদালত আপনাকে তখনই যেতে দিতে পারে, যদি এখানে এই চিকিৎসা না করা যায়।” কখনও SSKM-এ গিয়েছিলেন কি না, সে প্রশ্নও তুলেছিল আদালত। হাইকোর্টের বক্তব্য ছিল, কলকাতায় চিকিৎসকরা একটা বোর্ড গঠন করুক। মেডিক্যাল বোর্ড যদি মনে করে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা প্রয়োজন, তাহলে যেতে পারবেন অভিষেক।

আগেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন না করে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছে যান অভিষেক। শীর্ষ আদালতে আবেদন জানিয়ে অভিষেকের আইনজীবী জানান, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করেছেন তিনি। কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। এরপরও তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ওই মামলা খারিজ করে দেন। শীর্ষ আদালত জানায়, হাইকোর্টেই এই মামলার শুনানি হবে। একইসঙ্গে নির্দেশ দেন, চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন কি না সেবিষয়ে এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হবে।

এসএসকেএমে যেতে বলে হাইকোর্ট

সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি দেশেই চিকিৎসা করান, এ কথা উল্লেখ করে এসএসকেএমে যাওয়ার পরামর্শ দেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি লেখেন, “যে কোনও নাগরিক যে কোনও জায়গায় চিকিৎসার জন্য যেতে পারেন। কিন্তু এক্ষেত্রে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে তিনটে মামলা বিচারাধীন এবং তদন্ত চলছে। তাই আদালত এবিষয়ে এসএসকেএম-র পরামর্শ চেয়েছিল।” কিন্তু অভিষেকের আইনজীবী রেবেকা জন জানান, তাঁর মক্কেল এসএসকেএম-এ চিকিৎসা করাতে চান না। অভিষেকের আইনজীবী বারবার বলেন, তাঁর মক্কেল চিকিৎসা করাতে বিদেশে যেতে চান। হাইকোর্টে মামলা খারিজ হয়ে যাওয়ার পর এবার ফের শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক।

Loading...
Unable to load recommendations.
Follow Us