Sadhguru Latest Book: বয়স, ব্যক্তিস্বাতন্ত্র্য ও মানসিক শান্তি: সদ‌গুরুর সঙ্গে কী আলোচনা করলেন তামান্না ও বিশাল?

Sadhguru on Ageing, Individuality and Inner Peace: তামান্নার প্রশ্নের উত্তরে সদগুরু জানান, বয়স বাড়াকে স্বাভাবিকভাবে মেনে নিতে না পারার প্রবণতা ভারতে তুলনামূলকভাবে সাম্প্রতিক। তাঁর কথায়, “আমার মনে হয়, ভারতে এটা সাম্প্রতিক ঘটনা। অন্যথায়, এই দেশে নারী-পুরুষ নির্বিশেষে সবাই স্বাভাবিকভাবেই বার্ধক্যকে মেনে নিতেন। কিন্তু আমরা পশ্চিমী ধারণা গ্রহণ করেছি, যেখানে গোটা সভ্যতাই যেন হরমোনের দ্বারা পরিচালিত।”

Sadhguru Latest Book: বয়স, ব্যক্তিস্বাতন্ত্র্য ও মানসিক শান্তি: সদ‌গুরুর সঙ্গে কী আলোচনা করলেন তামান্না ও বিশাল?
মুম্বইয়ে আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে আলোচনায় চলচ্চিত্র পরিচালক বিশাল ভরদ্বাজ এবং অভিনেত্রী তামান্না ভাটিয়াImage Credit source: TV9 Bangla

Nov 23, 2026 | 6:07 PM

মুম্বই: বয়স বাড়তে থাকা তো জীবনের এক অবশ্যম্ভাবী সত্য। তা হলে বুড়িয়ে যাওয়ার ভয় কেন এত মানুষের মনে? মুম্বইয়ে আধ্যাত্মিক গুরু সদগুরু এবং চলচ্চিত্র পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে এক আলোচনায় এই প্রশ্নই তুললেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। সদগুরুর সাম্প্রতিক বই ‘Disappearing Faces’-এর ছবিগুলি নিয়ে আলোচনা শুরু হলেও, ক্রমে তা পৌঁছে যায় সৌন্দর্যের প্রচলিত ধারণা, তারুণ্য ধরে রাখার চাপ এবং নিজের স্বতন্ত্র সত্তাকে মেনে নেওয়ার প্রসঙ্গে।

মুম্বইয়ের এক হোটেলে তাঁরা একত্রিত হয়েছিলেন ‘Disappearing Faces’ বইটি নিয়ে আলোচনা করতে। এটি একটি ছবির মাধ্যমে গল্প বলার বই। সেখানে হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের ছবি তুলে ধরা হয়েছে। গত পাঁচ দশকে সদগুরুর বিভিন্ন ভ্রমণের সময় তোলা এই ছবিগুলিতে ধরা পড়েছে এমন কিছু মানুষের জীবনযাত্রা, যা আধুনিক শহরের ব্যস্ততা ও প্রত্যাশার জগৎ থেকে অনেকটাই আলাদা।

তারুণ্য ধরে রাখার মোহ নিয়ে প্রশ্ন তামান্না ভাটিয়ার-

‘Disappearing Faces’ বইয়ের ছবিগুলি দেখতে গিয়ে তামান্না ভাটিয়া বিশেষভাবে মুগ্ধ হন ছবির মানুষগুলির বয়সকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার ভঙ্গি দেখে। অভিনেত্রীর চোখে তাঁদের মুখগুলি ছিল সুন্দর এবং ব্যক্তিত্বে ভরপুর। তবে সেই মুখে বয়সের ছাপও স্পষ্ট। তামান্নার প্রশ্ন, শহরে বসবাসকারী মানুষের হাতে যেখানে অনেক বেশি সুযোগ-সুবিধা ও স্বাচ্ছন্দ্য রয়েছে, সেখানে তাঁরা নিজেদের জীবনে বয়সের স্বাভাবিক পরিবর্তনগুলি মেনে নিতে এত অসুবিধা বোধ করেন কেন?

তামান্নার কথায়, “সময় যে বয়ে যাবেই, জীবনের এই সবচেয়ে অনিবার্য সত্যটাকে আমরা মেনে নিতে পারি না কেন?” ছবির মানুষের মুখে বলিরেখা, অভিব্যক্তি কিংবা স্বতন্ত্র বৈশিষ্ট্যকে কোনও খুঁত হিসেবে দেখেননি তামান্না। বরং তাঁর মতে, এই বৈশিষ্ট্যগুলিই মুখগুলিকে আকর্ষণীয় ও মানবিক করে তুলেছে।

তামান্নার প্রশ্নের উত্তরে সদগুরু জানান, বয়স বাড়াকে স্বাভাবিকভাবে মেনে নিতে না পারার প্রবণতা ভারতে তুলনামূলকভাবে সাম্প্রতিক। তাঁর কথায়, “আমার মনে হয়, ভারতে এটা সাম্প্রতিক ঘটনা। অন্যথায়, এই দেশে নারী-পুরুষ নির্বিশেষে সবাই স্বাভাবিকভাবেই বার্ধক্যকে মেনে নিতেন। কিন্তু আমরা পশ্চিমী ধারণা গ্রহণ করেছি, যেখানে গোটা সভ্যতাই যেন হরমোনের দ্বারা পরিচালিত।”

সদগুরুর মতে, সমাজে ক্রমশ এমন একটা ধারণা তৈরি হয়েছে যে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সময় হল তারুণ্য। মানুষের হরমোনের সক্রিয়তা যখন সর্বোচ্চ পর্যায়ে থাকে, সেই বয়সকেই অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, জীবনের একটি নির্দিষ্ট পর্যায়কে সবকিছুর মাপকাঠি করে ফেললে মানুষের সামগ্রিক জীবনবোধই সংকীর্ণ হয়ে পড়ে। তিনি বলেন, “জীবনের একটি দিককেই যদি সবকিছু মনে করেন, তা হলে আপনার জীবন ভারসাম্যহীন হয়ে পড়বে।”

ব্যক্তিস্বাতন্ত্র্য বনাম সমাজের সঙ্গে মানিয়ে চলার চাপ-

আলোচনা শুধু বাহ্যিক সৌন্দর্যেই সীমাবদ্ধ থাকেনি। হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলির ব্যক্তিত্ব ও পোশাক-পরিচ্ছদের বৈচিত্র্যও নজর কেড়েছিল তমন্নার। তাঁদের অনেকেরই আধুনিক শিক্ষার সুযোগ, শহুরে জীবনযাত্রা কিংবা বস্তুগত সম্পদ সীমিত। তা সত্ত্বেও ছবিতে তাঁদের নিজেদের স্বতন্ত্র পরিচয় প্রকাশ করতে কোনও দ্বিধা দেখা যায়নি।

অন্যদিকে, শহুরে জীবনে অনেক সময় মানুষকে সমাজের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের চেহারা, আচরণ কিংবা ব্যক্তিত্ব বদলাতে হয়। এই প্রসঙ্গে সদগুরু বর্তমান শিক্ষাব্যবস্থার দিকেও আঙুল তোলেন। তাঁর কথায়, “শিক্ষার কাজ হওয়া উচিত আমাদের দৃষ্টিভঙ্গির পরিসর বাড়ানো।”

সদগুরুর মতে, বর্তমানে শিক্ষাব্যবস্থা অনেকটাই জীবিকা অর্জনের উপযোগী করে মানুষকে তৈরি করার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। ফলে প্রচলিত পেশার বাইরে ব্যক্তির নিজস্ব আগ্রহ, দক্ষতা এবং সম্ভাবনা খুঁজে দেখার সুযোগ কমে যাচ্ছে। তাঁর বক্তব্য, অধিকাংশ মানুষ সারা জীবন চাকরি, কর্মসংস্থান এবং আর্থিক নিরাপত্তার পিছনে ছুটে চলেন। কিন্তু তাঁরা নিজেরা আর কী কী করতে সক্ষম, কিংবা কোন বিষয়গুলি তাঁদের সত্যিকারের আগ্রহের জায়গা, তা খুঁজে দেখার চেষ্টা করেন তুলনামূলকভাবে কম।

মীরা, কবীর ও মানসিক স্থিরতা নিয়ে সদগুরুকে প্রশ্ন বিশাল ভরদ্বাজের-

আলোচনায় নতুন মাত্রা যোগ করেন চলচ্চিত্র পরিচালক বিশাল ভরদ্বাজ। হিমালয়ের মানুষের ছবিতে ধরা পড়া মুখের অভিব্যক্তি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বিশেষভাবে আকৃষ্ট হন তাঁদের মধ্যে থাকা মানসিক স্থিরতার ছাপ দেখে। বিশাল সদগুরুকে প্রশ্ন করেন, “এই মুখগুলির মধ্যে এক ধরনের স্থিরতা রয়েছে। আপনি বলেছেন, স্থিরতাই হল তীব্রতার সর্বোচ্চ স্তর। তাই সক্রিয় সাধক মীরা ও কবীরের প্রসঙ্গে আমি জানতে আগ্রহী। তাঁদের জীবনে স্থিরতা ও তীব্রতার বিষয়টি আপনি কীভাবে দেখেন?”

এর উত্তরে সদগুরু মীরা ও কবীরের আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং ভক্তির পথের মধ্যে পার্থক্য তুলে ধরেন। তিনি জানান, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মীরার ভক্তি ছিল এমন এক অনুভূতি, যেখানে তাঁর আবেগ মাধুর্যে পরিপূর্ণ হয়ে উঠেছিল। ভক্তির সেই অনুভূতিই তাঁর চারপাশের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল।

অন্যদিকে, কবীর নিজের আধ্যাত্মিক উপলব্ধিকে দৈনন্দিন জীবনের বাস্তব দায়িত্ব ও কর্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার চেষ্টা করেছিলেন। এই প্রসঙ্গে সদগুরু শ্রীকৃষ্ণের উদাহরণও তুলে ধরেন। তাঁর মতে, শ্রীকৃষ্ণ পার্থিব জীবনের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত থেকেও বাইরের পরিস্থিতিকে কখনও নিজের অন্তরের স্থিরতাকে বিঘ্নিত করতে দেননি।

সদগুরুর ‘Disappearing Faces’ বইটি কী নিয়ে?

২০২৬ সালের অগস্টে প্রকাশিত ‘Disappearing Faces’ বইটিতে গত পাঁচ দশকে হিমালয়ের বিভিন্ন প্রান্তে ভ্রমণের সময় সদগুরুর তোলা কিছু বিরল ছবি রয়েছে। নেপাল ও তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষ, তাঁদের মুখের অভিব্যক্তি, জীবনযাত্রা এবং সংস্কৃতিই এই বইয়ের মূল বিষয়।

শুধু পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরাই এই ছবিগুলির উদ্দেশ্য নয়। বরং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে জীবন কাটানো মানুষগুলির দিকে ক্যামেরার নজর ঘুরিয়ে দিয়েছেন সদগুরু। এই ছবিগুলির মাধ্যমে এমন কিছু জনগোষ্ঠী, তাঁদের ঐতিহ্য ও সংস্কৃতিও নথিবদ্ধ করা হয়েছে, যেগুলি আধুনিক উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বদলে যাচ্ছে। একসময় যে অঞ্চলগুলি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল, সেখানেও এখন পৌঁছে যাচ্ছে আধুনিকতার প্রভাব।

বইটি আসলে সেই মানুষগুলির জীবন ও পরিচয়ের এক আলোকচিত্রভিত্তিক দলিল, যাঁদের স্বতন্ত্র জীবনযাত্রা সময়ের সঙ্গে ক্রমশ হারিয়ে যাওয়ার মুখে।

Loading...
Unable to load recommendations.
Follow Us