High Court Divorce Appeal: পরকীয়ার যুক্তিও খাটবে না! ডিভোর্স নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট

High Court Divorce Appeal: ১৬ বছরের পুরোনো এক পারিবারিক বিরোধ এবং ডিভোর্সের আর্জি নিয়ে এক ব্যক্তির দায়ের করা আপিল শুনানি চলাকালীন এই মন্তব্য করে হাইকোর্ট। মামলাকারী ১৯৯২ সালে বিয়ে করেছিলেন। কিন্তু কাজের জন্য পরিবার ছেড়ে তিনি বিদেশে থাকতেন। তাঁর স্ত্রী ও সন্তান দেশে থাকত। অভিযোগ, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।

High Court Divorce Appeal: পরকীয়ার যুক্তিও খাটবে না! ডিভোর্স নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট
তেলেঙ্গানা হাইকোর্ট (প্রতীকী ছবি)Image Credit source: Meta AI

Nov 11, 2026 | 4:22 PM

নয়া দিল্লি:  যদি প্রথমেই সঙ্গীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মামলায় উল্লেখ করা হয়, তাহলে পরবর্তীতে আর ‘বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো’ কিংবা ‘পরিত্যাগের’ অভিযোগ আনা যাবে না। একটি বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ বড় রায় দিল তেলেঙ্গানা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি বিবাহবিচ্ছেদের আবেদনে (Divorce Petition) কেবল ‘নৃশংসতা’ বা মানসিক কিংবা শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়, তবে পরবর্তীকালে পরকীয়া বা পরিবার পরিত্যাগের মতো অন্য কোনও কারণ দেখিয়ে ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের নির্দেশ দেওয়া যাবে না। তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি কে লক্ষ্মণ এবং বিচারপতি কে সুজনার ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

আবেদন ও প্রমাণের সংযোগ:

আদালত তার পর্যবেক্ষণে জানায়, হিন্দু বিবাহ আইনের (Hindu Marriage Act) ১৩(১)(ia) ধারা অনুযায়ী কেবল মানসিক বা শারীরিক নির্যাতনের ভিত্তিতে আবেদন করা হলে সেই নির্দিষ্ট অভিযোগটিই উপযুক্ত প্রমাণের মাধ্যমে আদালতে প্রমাণ করতে হবে। আবেদনে আলাদা করে উল্লেখ না থাকলে বা অভিযোগের সাপেক্ষে নির্দিষ্ট আইনি যুক্তি না থাকলে পরবর্তীতে পরকীয়া বা পরিত্যাগের অহেতুক দোহাই দেওয়া আইনত গ্রহণযোগ্য নয়।

অভিযোগ প্রমাণের দায়িত্ব

 কেবল মৌখিক বা মনগড়া অভিযোগ এনে ডিভোর্স পাওয়া সম্ভব নয়। অভিযোগকারীকে উপযুক্ত নথিপত্র এবং নিরপেক্ষ সাক্ষীর মাধ্যমে আদালতে নিজ দাবির পক্ষে স্পষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ তুলে ধরতে হবে।

মামলার পটভূমি: ১৬ বছরের পুরোনো এক পারিবারিক বিরোধ এবং ডিভোর্সের আর্জি নিয়ে এক ব্যক্তির দায়ের করা আপিল শুনানি চলাকালীন এই মন্তব্য করে হাইকোর্ট। মামলাকারী ১৯৯২ সালে বিয়ে করেছিলেন। কিন্তু কাজের জন্য পরিবার ছেড়ে তিনি বিদেশে থাকতেন। তাঁর স্ত্রী ও সন্তান দেশে থাকত। অভিযোগ, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। পরিবারের খরচের জন্য তাঁর পাঠানো টাকা অন্যত্র খরচ করতেন, তার হিসাবও দিতেন না। ছেলেই সেই বিষয়টি হাতেনাতে ধরেছিলেন। সম্পর্ক সামনে আসার পর অবসাদে তাঁর স্ত্রী একবার আত্মহত্যারও চেষ্টা করেছিলেন বলে উল্লেখ করেন মামলাকারী।

পরে সুস্থ হয়ে তাঁর স্ত্রী পরিবার ছেড়ে অন্যত্র চলে যান। মামলাকারীর অভিযোগ, এরপর একদিন হঠাৎই স্ত্রী তাঁর আত্মীয়দের নিয়ে এসে বাড়িতে চড়াও হন। মামলাকারীকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর স্বামী আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন। আবেদনকারী প্রথমে আবেদনপত্রে কেবল ‘নৃশংসতা’র দাবি করলেও উপযুক্ত সাক্ষী বা প্রমাণ পেশ করতে ব্যর্থ হন। অন্যদিকে পরে পরকীয়ার মতো অভিযোগ তুললেও সে বিষয়ে পর্যাপ্ত আইনি পদক্ষেপ করেনি। ফলে নিম্ন আদালতের দেওয়া বিবাহবিচ্ছেদ খারিজের সিদ্ধান্তকেই বহাল রাখে হাইকোর্ট।

পারিবারিক আদালতের সিদ্ধান্ত বজায়: ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে ফ্যামিলি কোর্টের রায়ে কোনও ভুল ছিল না, তাই আপিলটি কোনও আইনগত ভিত্তি না থাকায় তা বাতিল করা হয়েছে।

আইনজীবীদের একাংশের মতে, তেলেঙ্গানা হাইকোর্টের এই রায় মামলাকারীদের স্পষ্ট বার্তা দিল যে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করার সময় আবেদনের প্রতিটি আইনি ভিত্তি স্পষ্টভাবে উল্লেখ করা এবং তা প্রমাণের জন্য নির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ পেশ করা বাধ্যতামূলক।

Loading...
Unable to load recommendations.
Follow Us