
ভারতে জাঁকজমকপূর্ণ বা ‘বিগ ফ্যাট’ বিয়ের কথা উঠলেই দীর্ঘদিন ধরে সবার আগে উঠে আসত মুকেশ আম্বানির পরিবারের অনুষ্ঠানের নাম। বিশেষ করে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রায় দু’বছর ধরে চলা প্রি-ওয়েডিং ও মূল বিয়ের আসর রীতিমতো চমকে দিয়েছিল দেশ-বিদেশকে। কিন্তু সেই আলোচনার মাঝেই বিহারের মকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের আয়োজন যেন এক ভিন্ন মাত্রায় আম্বানিদের বিয়ের জাঁকজমককেও চ্যালেঞ্জ ছুড়ে দিল। একদিকে কর্পোরেট ও আভিজাত্যের ঝলক, অন্যদিকে গ্রামীণ আবহে বিপুল জনসমাগমের উন্মাদনা— এই দুই বিয়ের তুলনামূলক ছবি এখন নেটদুনিয়ায় বেশ ভাইরাল।
অনন্ত আম্বানির বিয়ে ছিল একেবারে আন্তর্জাতিক মানের ও বহু-পর্যায়ের আয়োজন। জামনগরের প্রাক-বিবাহ অনুষ্ঠান, ইউরোপের বিলাসবহুল ক্রুজ যাত্রা এবং মুম্বইয়ে মূল বিয়ের আসর— সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার খরচে তৈরি হয়েছিল এক রাজকীয় উৎসবের আবহ। দেশ-বিদেশের বড় শিল্পপতি, রাজনীতিবিদ, বলিউড-হলিউড তারকা এবং নামী সংগীতশিল্পীদের ভিড়ে সেজে উঠেছিল প্রতিটি অনুষ্ঠান। অনন্ত আম্বানির বিয়ের মঞ্চে নজর কেড়েছিল পপদুনিয়ার তারকা রিহানা, কেটি পরি, জাস্টিন বেবাররা। গোটা বলিউড তো হাজির ছিলেন বিয়ের প্রায় এক সপ্তাহ আগে থেকেই।
অন্যদিকে, বিহারের নাদওয়ান গ্রামে অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের আসর ছিল এক বিশাল গ্রামীণ মহোৎসবের মতো। খোলা আমন্ত্রণে প্রায় ১০ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। বিশাল অস্থায়ী রান্নাঘর, তাঁবুর শহর, ভিআইপি অতিথিদের জন্য হেলিপ্যাড এবং থার গাড়ির সঙ্গে ঘোড়দৌড়ের মতো চমক মিলিয়ে গোটা আয়োজনকে অনেকেই সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করছেন। অন্য রাজ্য থেকে আনা হয়েছিল প্রায় ৫২টা ঘোড়া। প্রায় ১৫০ রকমের খাওয়ারে সাজানো ছিল মেনু। মিষ্টিই ছিল প্রায় ১০০ রকমের।
অনন্ত আম্বানির বিয়ের প্রতিটি পর্বেই ছিল দামি গয়না, বিলাসবহুল সাজপোশাক ও বিশ্বমানের বিনোদনের ছোঁয়া। সেই তুলনায় শিবাঙ্গী সিংয়ের বিয়েতেও উপহার ও আড়ম্বরের কমতি ছিল না। কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে তথা আমেরিকার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করা পাত্র ঋষিকেশ কুমারকে তিলক অনুষ্ঠানে প্রায় ৩ কোটি টাকা দামের সাদা ল্যান্ড রোভার ডিফেন্ডার, ১০০ গ্রামের সোনার চেন এবং ৮০ গ্রামের সোনার ব্রেসলেট উপহার দেওয়ার খবর সামনে এসেছে।
দু’টি বিয়ের মধ্যে সবচেয়ে বড় তফাৎ ধরা পড়েছে ভিড়ের চরিত্র ও ব্যবস্থাপনায়। অনন্ত আম্বানির বিয়েতে কঠোর নিরাপত্তা, সুপরিকল্পিত অতিথি তালিকা এবং নিখুঁত আতিথেয়তার ওপর জোর দেওয়া হয়েছিল। বিপরীতে, নাদওয়ানে অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে সাধারণ মানুষের অবাধ ভিড়ে তৈরি হয় ৫ থেকে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট। বিপুল জনসমাগমে খাবারের কাউন্টারে হুড়োহুড়ি পড়ে যায়, রসগোল্লার জন্য কাড়াকাড়ি শুরু হয় এবং অনেককে প্লেটের বদলে গ্লাসে বা কার্ডবোর্ডের বাক্সে খাবার নিতে দেখা যায়— যার ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়। সব মিলিয়ে, রাজকীয় বিলাসিতার অনন্ত আম্বানির বিয়ের পাশে আঞ্চলিক প্রতাপ ও গণ-ভিড়ের উন্মাদনায় আলাদা জায়গা করে নিল অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে।