
অযোধ্যা: আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। সেদিনই নির্দিষ্ট রীতি-নীতি মেনে বিগ্রহকে গর্ভগৃহে উপবেশন করাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য দেশের বিশিষ্ট রাজনীতিক, বলিউড তারকা, খেলোয়াড়, সেলিব্রিটি থেকে বিদেশেরও কূটনীতিক থেকে সাধু-সন্ন্যাসী-সহ বিভিন্ন ধর্মের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশের মাটিতে সনাতনী হিন্দু ধর্মের অন্যতম ধারক হল BAPS সংস্থা। এবার এই সংস্থার কর্মকর্তাদেরও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে রামমন্দির কর্তৃপক্ষ।
অযোধ্যা রামমন্দিরের প্রতিনিধি মণ্ডলের তরফে BAPS সংস্থার আধিকারিকদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণপত্রে BAPS-এর কাজকর্মের কথা তুলে ধরে বলা হয়েছে, BAPS সংস্থা দিল্লির অক্ষরধামের সঙ্গে সারা বিশ্বের সংযোগ ধরে রেখেছে এবং সনাতনী হিন্দু ধর্ম, সংস্কারকে তুলে ধরেছে। তাই রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য BAPS সংস্থার মহন্ত স্বামীজি মহারাজ থেকে অক্ষরধাম মন্দিরের মহন্ত, পূজারিকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রবিনসভাইলে BAPS স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের দ্বার উন্মোচিত হয়েছে। এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির। মন্দিরটি নির্মাণ করতে ২০১১ সাল থেকে ২০২৩ সাল, দীর্ঘ ১২ বছর সময় লেগেছে। এই মন্দিরেও হিন্দু দেব-দেবীর স্থাপনাকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে সেখানে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। কেবল বিএপিএস-এর তরফে স্থানীয় এলাকায় স্কুল, হাসপাতাল গড়ে তোলা হয়েছে। সর্বদা শান্তি ও অনুপ্রেরণার বার্তাই দিচ্ছেন মহন্ত স্বামী মহারাজ। বলা যায়, মার্কিন মুলুকে হিন্দু সংস্কৃতির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই মন্দির।