Supreme Court: ‘ফ্রি-তে রেশন-টাকা পাচ্ছে, মানুষ কাজ করতে চাইছে না’, বড় মন্তব্য সুপ্রিম কোর্টের

Supreme Court on Freebies: বিচারপতি গভাই বলেন, "দুঃখজনকভাবে এই ফ্রিবি-র জন্য মানুষ আর কাজ করতে চাইছে না। তারা ফ্রি-তে রেশন পাচ্ছেন, কোনও কাজ না করেই হাতে টাকা পাচ্ছেন।"

Supreme Court: ফ্রি-তে রেশন-টাকা পাচ্ছে, মানুষ কাজ করতে চাইছে না, বড় মন্তব্য সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট

|

Feb 12, 2025 | 3:35 PM

নয়া দিল্লি: ভোটের আগে সাধারণ মানুষকে বিনামূল্যে সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি নিয়ে কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের। এ দিন এক মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে এই ‘ফ্রিবি'(Freebies)-র চলের সমালোচনা করে পর্যবেক্ষণ রাখে যে ফ্রি-তে রেশন ও টাকা পাওয়ার জন্য মানুষ আর কাজ করতে চাইছে না।

শহরাঞ্চলে গৃহহীন মানুষদের বাসস্থানের অধিকার সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি বিআর গভাই ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসি নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক দল ও সরকারের বিনামূল্যে নানা সুযোগ-পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আপত্তি জানান।  বিচারপতি গভাই বলেন, “দুঃখজনকভাবে এই ফ্রিবি-র জন্য মানুষ আর কাজ করতে চাইছে না। তারা ফ্রি-তে রেশন পাচ্ছেন, কোনও কাজ না করেই হাতে টাকা পাচ্ছেন।”

গৃহহীন মানুষদেরও সমাজের অংশ করা উচিত এবং দেশের উন্নয়নে তাদেরও সামিল করা উচিত বলেই পর্যবেক্ষণ রাখে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে বলা হয়, “আপনাদের উদ্বেগকে সাধুবাদ জানাই, তবে যদি তাদের সমাজের মূলস্রোতের অংশ করা হয় এবং দেশের উন্নয়নে অংশ নিতে দেওয়া হয়, তবে আরও ভাল হয়।”

সুপ্রিম কোর্টের এই মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রের তরফে হাজির অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি জানান যে গৃহহীন মানুষদের মাথার উপরে আশ্রয়ের ব্যবস্থা করা সহ দরিদ্র মানুষদের উন্নতির জন্য কেন্দ্র ইতিমধ্যেই কাজ করছে। শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জানতে চায় যে এই মিশন কার্যকর হতে আর কত সময় লাগবে। ছয় সপ্তাহ বাদে এই মামলার পরবর্তী শুনানি হবে।

Follow Us