Neha Bora: নেহা বোরার ‘মন্দিরে ধর্ষণ’ মন্তব্যে তীব্র আক্রমণ বিজেপির, সমর্থন করল না কংগ্রেসের শরিকরাও

Neha Bora Comment: একটি পোস্টে বিজেপির মহিলা মোর্চার নেত্রী বৈশালী পোদ্দার সিং দাবি করেন, বিতর্কিত মন্তব্য করা সত্ত্বেও নেহাকে নেত্রী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে কংগ্রেস ও ইন্ডিয়া (INDIA) জোটের শরিকরা। কংগ্রেসের সঙ্গে থাকা শিবসেনা (ইউবিটি)-র প্রাক্তন সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও নেহা বোরার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

Neha Bora: নেহা বোরার মন্দিরে ধর্ষণ মন্তব্যে তীব্র আক্রমণ বিজেপির, সমর্থন করল না কংগ্রেসের শরিকরাও
নেহা বোরাImage Credit source: PTI

Nov 03, 2026 | 11:54 PM

নয়া দিল্লি: অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সভাপতি নেহা বোরার একটি পুরনো মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। মন্দিরের ভিতরে পুরোহিতদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে নেহা যে মন্তব্য করেছিলেন, তা নিয়েই তাঁকে কড়া আক্রমণ করেছে বিজেপি। নিট নিয়ে প্রতিবাদের পর শিরোনামে আসেন নেহা বোরা। পরবর্তীতে জ্ঞানেশ কুমার ইস্যুতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশে হাঁটতে দেখা যায় তাঁকে। এছাড়াও বিরোধীদের বিভিন্ন কর্মসূচিতে তাঁকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই নেহার ভিডিয়ো প্রকাশ করে তাঁর বিরুদ্ধে ‘হিন্দু-বিরোধী মানসিকতা’র অভিযোগ তুলেছে বিজেপি।

তীব্র নিন্দা, অভিযোগ দায়ের

গত মঙ্গলবার নেহা বোরার পুরনো ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখান থেকেই এই বিতর্কের সূত্রপাত হয়। বিজেপি নেতাদের পাশাপাশি শিবসেনা (ইউবিটি)-র প্রাক্তন সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, সমাজবাদী পার্টির সাংসদরাও এই মন্তব্যের নিন্দা করেছেন। এদিকে, সুপ্রিম কোর্টের এক আইনজীবী নেহার বিরুদ্ধে একটি সম্প্রীতি নষ্টের অভিযোগ দায়ের করেছেন।

কী বলেছিলেন নেহা?

বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী এই ভিডিয়ো প্রকাশ্য়ে আনেন। সেখানে নেহাকে বলতে শোনা যায়, “এমন একটি ব্যবস্থা রয়েছে, যার অধীনে ব্রাহ্মণ মহিলারাও নিরাপদ নন। তাঁরাও ধর্ষণের শিকার হন। মন্দিরের ভিতরেই পুরোহিতরা ধর্ষণ করে। উন্নাও এবং কাঠুয়ায় আমরা এই ধরনের ঘটনার সাক্ষী থেকেছি।”

বিজেপি নেতা গৌরব ভাটিয়া নেহার বিরুদ্ধে পুরোহিতদের অপমান করার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা থেকে অনুপ্রাণিত হয়েছেন নেহা।

সমালোচনা সব মহলে

একটি পোস্টে বিজেপির মহিলা মোর্চার নেত্রী বৈশালী পোদ্দার সিং দাবি করেন, বিতর্কিত মন্তব্য করা সত্ত্বেও নেহাকে নেত্রী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে কংগ্রেস ও ইন্ডিয়া (INDIA) জোটের শরিকরা। কংগ্রেসের সঙ্গে থাকা শিবসেনা (ইউবিটি)-র প্রাক্তন সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও নেহা বোরার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

তিনি বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মনে হচ্ছে যেন মন্দিরগুলিতেই ধর্ষণ হয়, পুরোহিতরা এই অপরাধ করে এবং ব্রাহ্মণ নারীরা নিরাপদ নন। নিজে একজন ব্রাহ্মণ মহিলা হিসেবে আমাকে অবশ্যই প্রশ্ন তুলতে হবে।” বিরোধী ইন্ডিয়া জোটের আর এক শরিক সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রায়ও নেহার মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এমন একটি বক্তব্য দেওয়া একদমই অনুচিত। প্রতিটি ধর্মেই ভালো ও খারাপ মানুষ থাকে। বিজেপির পেতে রাখা ফাঁদে কেন আমরা পা দেব?”

Loading...
Unable to load recommendations.
Follow Us