
নয়াদিল্লি: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ অক্টোবর নয়াদিল্লিতে আয়োজিত হবে ব্রিকস থিয়েটার ফেস্টিভ্যাল। তিন দিনের এই উৎসবে BRICS-র সদস্য ও অংশীদার ৯টি দেশের ১০০-রও বেশি থিয়েটারকর্মী, গবেষক, পড়ুয়া এবং সাংস্কৃতিক প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানেই ‘লা বায়াদেয়ার’ মঞ্চস্থ করবে রুশ থিয়েটার ইনস্টিটিউট GITIS। ১২ অক্টোবর ব্রিকস থিয়েটার ফেস্টিভ্যালের অংশ হিসেবে নয়াদিল্লির কামানি অডিটোরিয়ামে ‘লা বায়াদেয়ার’ মঞ্চস্থ করবে GITIS থিয়েটার।
নাটকের প্রেক্ষাপট:
নাটকের পটভূমি ১৯৫০-এর দশকের একটি হলিউড ফিল্ম স্টুডিও। সেখানে ‘লা বায়াদেয়ার’ নামে একটি মিউজিক্যাল ছবি তৈরির কাজ চলছে। কিন্তু ছবির পরিচালক এমন একটি সিনেমা বানাতে বাধ্য হন, যার চিত্রনাট্য তাঁর পছন্দ নয়। এর মধ্যেই ছবির নায়িকা অন্য একটি ফিল্ম স্টুডিওর প্রস্তাব গ্রহণ করেন। অন্যদিকে, ছবির পুরুষ প্রধান চরিত্র—ভারতীয় রাজপুত্র রাজামির—জন্য উপযুক্ত অভিনেতা খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়ে।
তবে ‘হলিউড’ নামের এই বিশাল যন্ত্র কোনওভাবেই কাজ থামিয়ে রাখতে রাজি নয়। তাই নতুন তারকাকে খুঁজে বের করে মঞ্চে তুলে ধরার সময় এসে যায়।
সঙ্গীত ও উপস্থাপনা:
এই প্রযোজনায় ইমরে কালমানের ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে জ্যাজের উপাদান মিশিয়ে সমকালীন দর্শকদের উপযোগী করে অপেরেটাটির গল্পকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।
কারা মঞ্চস্থ করবেন:
রাশিয়ার Russian Institute of Theatre Arts (GITIS)-র ছাত্রছাত্রীরা এই প্রযোজনাটি পরিবেশন করবেন। তাঁরা জেরার্ড ভাসিলিয়েভ এবং ঝান্না ঝেরদেরের ওয়ার্কশপের শিক্ষার্থী। প্রযোজনাটি পরিচালনা করেছেন রাশিয়ার সম্মানিত শিল্পী ঝান্না ঝেরদার।
কোথায় হবে এই থিয়েটার?
আগামী ১২ তারিখ সন্ধে ৬ টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত থিয়েটারটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির কপারনিকাস মার্গের কামানি অডিটোরিয়ামে। থিয়েটারটি হবে রুশ ভাষা। তবে ভাষা কখনও থিয়েটার, সিনেমার ক্ষেত্রে অন্তরায় হয় না। দর্শকরা এই থিয়েটার উপভোগ করবেন বলে আশাবাদী আয়োজকরা।