Shashi Tharoor: ‘অন্য পথও খোলা রয়েছে…’, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছেন শশী থারুর?

Shashi Tharoor: ২০২২ সালে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে মল্লিকার্জুন খড়্গের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন থারুর। আর তারপর থেকেই যেন দলের সঙ্গে দূরত্ব বেড়েছে সাংসদের। সাম্প্রতিককালে, নাম না করেই একাধিক বার গান্ধী পরিবারের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি।

Shashi Tharoor: অন্য পথও খোলা রয়েছে..., কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছেন শশী থারুর?
Image Credit source: PTI

|

Feb 27, 2025 | 5:42 PM

নয়াদিল্লি: মনমোহন জমানায় তিনি দায়িত্ব সামলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। বর্তমানে কেরলের তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ। সেই শশী থারুর কি এবার যোগ দেবেন বিজেপিতে? সামনের বছরেই কেরলে বিধানসভা নির্বাচন। আর তার আগেই তুঙ্গে জল্পনা।

জল্পনার সূত্রপাত

সম্প্রতি, সর্বভারতীয় সংবাদমাধ্য়ম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকার থারুরের মন্তব্যকে কেন্দ্র করেই বাঁধে বিতর্ক। সেই সাক্ষাৎকারে থারুর বলেন, ‘দলের মধ্য়েই কেউ কেউ আমার একাধিক মন্তব্যের বিরোধিতা করে থাকেন। কিন্তু আমি দিন শেষে শুধুমাত্র ভারত ও কেরলের উন্নতির কথাই ভাবি। আমি রাজনীতিতে নিজের ক্যারিয়ার গড়তে আসিনি। যদি দল আমাকে সঠিক ভাবে ব্যবহার করে, আমি তাদের পাশে রয়েছি। কিন্তু তা না হলে, আমার কাছে অন্য পথও খোলা রয়েছে।’

থারুরের এই মন্তব্যের পর তুঙ্গে ওঠে কংগ্রেস ছাড়ার জল্পনা। তবে তলে তলে কি বিজেপির দিকে পা বাড়াচ্ছেন সাংসদ? ইতিমধ্যে এই প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, ‘প্রতিটি দলের নিজস্ব আর্দশ, বিশ্বাস রয়েছে। এটা ঠিক নয় যে আপনার সেই আদর্শ পছন্দ নয় বলে আপনি ওই দল ছেড়ে অন্য কোথাও লাফাবেন।’ এরপরই সাংসদ বলেন, ‘রাজনীতিতে সব সময়ই স্বাধীন থাকার একটা সুযোগ রয়েছে। এখনকার সময়ে দাঁড়িয়ে জনগণের কাছে পৌঁছনোর জন্য দল একটা মাধ্য়ম মাত্র।’

থারুরের এই মন্তব্য ঘিরে যখন পারদ চড়ছে রাজনীতির। বাড়ছে চাপান-উতোর। সেই সময়ই আবার কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়েলের সঙ্গে একটি ছবি ছাড়েন তিনি। যার জেরে থারুরের বিজেপিতে যোগদানের জল্পনা আরও তুঙ্গে ওঠে বলেই মত একাংশের।

প্রসঙ্গত, ২০২২ সালে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে মল্লিকার্জুন খড়্গের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন থারুর। আর তারপর থেকেই যেন দলের সঙ্গে দূরত্ব বেড়েছে সাংসদের। সাম্প্রতিককালে, নাম না করেই একাধিক বার গান্ধী পরিবারের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। এমনকি, সদ্য মোদী-ট্রাম্পের বৈঠক নিয়ে থারুর প্রশংসা করতেই দলের মধ্যে তাঁকে নিয়ে বেড়েছিল অস্বস্তি।

থারুরের কংগ্রেস ছাড়ার জল্পনা নিয়ে ইতিমধ্য়েই মুখ খুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এদিন নিজের এক্স মাধ্যমে তিনি বলেন, ‘মল্লিকার্জুন খড়্গের বিরুদ্ধে দাঁড়ানোর পর থেকে কংগ্রেসের অন্দরে শশী থারুরকে এক কোণে ফেলে দেওয়া হয়েছে।’ তবে কংগ্রেসে এসে থারুর নিজের প্রাপ্যর থেকেও অনেকটা পেয়েছেন বলেই মত কেরলের কংগ্রেস নেতা পি জে কুরেইনের।

ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে নিজের ব্য়ক্তিগত মত পেশ করে তিনি বলেন, ‘দলের বিরুদ্ধে শশী থারুরের এত অভিযোগ করার কোনও মানেই হয় না। যেখানে কংগ্রেসে যোগদানের পর দল ওকে ওঁর প্রাপ্যর থেকেও অনেকটা দিয়েছে।’

Loading...
Unable to load recommendations.
Follow Us