CJP Protest: মন্ত্রীর ইস্তফা সহ তিন দাবিই মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ’দের

JP Nadda meets CJP: প্রায় এক মাস ধরে চলা আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী। কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল জনজীবন। নিটের প্রশ্নপত্র ফাঁস সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে যে আন্দোলন শুরু হয়, তাতে সোনম ওয়াংচুককে পাশে পেয়েছিল সিজেপি। পরবর্তীতে সেই আন্দোলনে যুক্ত হন দেশের বহু ছাত্রছাত্রী।

CJP Protest: মন্ত্রীর ইস্তফা সহ তিন দাবিই মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ককরোচদের
নাড্ডার সঙ্গে সাংবাদিক বৈঠকে সিজেপিImage Credit source: TV9 Bangla

Jul 25, 2026 | 6:09 PM

নয়া দিল্লি: ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং-এর সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর এই ঘোষণা করলেন সিজেপির দুই প্রতিনিধি।

প্রায় এক মাস ধরে চলা আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী। কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল জনজীবন। নিটের প্রশ্নপত্র ফাঁস সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে যে আন্দোলন শুরু হয়, তাতে সোনম ওয়াংচুককে পাশে পেয়েছিল সিজেপি। পরবর্তীতে সেই আন্দোলনে যুক্ত হন দেশের বহু ছাত্রছাত্রী। যোগ দেয় বিরোধী দলগুলিও। ৩৬ দিনের সেই আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করল সিজেপি।

কী কী দাবি ছিল সিজেপির

সিজেপির তিনটি দাবি ছিল সরকারের কাছে। শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি ছিল প্রথম দাবি। দ্বিতীয় দাবি ছিল, দিল্লি সহ গোটা দেশে যেখানে যত পড়ুয়ার বিরুদ্ধে আন্দোলন করার জন্য মামলা হয়েছে, সেই সব মামলা তুলে নিতে হবে। তৃতীয়ত, নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর যে সব ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে। এই তিন দাবি নিয়ে আগেই দুই দফা জে পি নাড্ডার সঙ্গে বৈঠক হয়েছে সিজেপির। আজ, শনিবার তৃতীয় দফা বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের আগেই পদত্যাগের কথা ঘোষণা করেন ধর্মেন্দ্র প্রধান।

তিন দাবি মেনে নিল সরকার

সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে একসঙ্গে এদিন সাংবাদিক বৈঠক করেন জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছেন। ফলে, প্রথম দাবি মান্যতা পেয়েছে ইতিমধ্যেই। এছাড়া তাদের দ্বিতীয় দাবি মেনে নিয়ে সব পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। শুধুমাত্র দিল্লি নয়, বিজেপি শাসিত সব রাজ্যেই ওই এফআইআর তুলে নিতে হবে বলে জানিয়েছে সরকার। যেখানে যত এফআইআর হয়েছে, সেই সব কপি তুলে দেওয়া হবে সিজেপির হাতে।

সিজেপির প্রতিনিধি আশুতোষ রাঙ্কা জানান, নিটের প্রশ্নপত্র ফাঁসের পর যে সব পড়ুয়া আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার যে দাবি ছিল, সেটাও মেনে নিয়েছে সরকার। দাবি ছিল, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সরকার জানিয়েছে, আইন মেনে ওই সব পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।

এছাড়া, শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য পাঁচটি পয়েন্টের একটি চার্টার সরকারকে দিয়েছে সিজেপি। জে পি নাড্ডা জানিয়েছেন, চার্টারটি খতিয়ে দেখে সিজেপির সঙ্গে পরবর্তীতে আলোচনা করা হবে। চার সপ্তাহের মধ্যে ফের এই নিয়ে সিজেপির সঙ্গে সরকারের আলোচনা হবে বলে জানা গিয়েছে।

Follow Us