
নয়া দিল্লি: দীপাবলি (Diwali 2026) মিটলেও স্বস্তি নেই দিল্লিতে। দিল্লির (Delhi Air Pollution) বাতাসের গুণমান নিয়ে উদ্বেগ বাড়ছে। দূষণের মাত্রা সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। এমন পর্যায়ে পৌঁছেছে যে, উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গীরপুরীতে একটি নির্দিষ্ট সময়ে প্রতি ঘনমিটার বাতাসে PM2.5-এর সর্বোচ্চ পরিমাণ ৪,৯৮৫ মাইক্রোগ্রাম রেকর্ড করা হয়। যা স্বাভাবিক মাত্রার তুলনায় কয়েকশো গুণ বেশি। গত পাঁচ বছরের দূষণের রেকর্ডও ছাপিয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে।
সোমবার সকালেও দিল্লির দূষণ পরিস্থিতি ছিল উদ্বেগজনক। ওই সময় শহরের দূষণের মাত্রা ছিল ৩৮৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং মার্কিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির দূষণ পরিমাপের পদ্ধতি অনুযায়ী, দিল্লির বায়ুর গুণমান সূচক বা AQI পৌঁছে গিয়েছিল ১,৫০০ থেকে ১,৮০০-র মধ্যে। যদিও ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) AQI-এর সর্বোচ্চ সীমা ৫০০-তে নির্ধারণ করেছে। ফলে দেশের নির্ধারিত সূচকে দূষণের মাত্রা ৫০০ ছুঁয়ে গেলে তার পরের পরিস্থিতির প্রকৃত ভয়াবহতা বোঝা কঠিন হয়ে পড়ে।
দীপাবলির রাতে দূষণের মাত্রা যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, তখন সেই সময়ের সম্পূর্ণ তথ্যও দিতে পারেনি দিল্লির অধিকাংশ বায়ুদূষণ পরিমাপক কেন্দ্র। রাজধানীজুড়ে ছড়িয়ে থাকা ৬০টি মনিটরিং সেন্টারের মধ্যে ৪৫টি কেন্দ্র প্রতি ঘণ্টার দূষণের তথ্য দিতে ব্যর্থ হয়েছে। পরবর্তী সময়ে মাত্র ২৪টি কেন্দ্র থেকে রিয়েল-টাইম ডেটা পাওয়া গিয়েছে। অন্যদিকে, ১৩টি মনিটরিং সেন্টার সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়। গত কয়েক মাস ধরে একটি মনিটরিং সেন্টার এমনিতেই বন্ধ রয়েছে।
ফলে দীপাবলির সময় দিল্লির বাতাসে দূষণের প্রকৃত মাত্রা কতটা বেড়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। দূষণের পরিস্থিতি উদ্বেগজনক হলেও নজরদারি ব্যবস্থার একাংশ ঠিকমতো কাজ না করায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহেও সমস্যা তৈরি হয়।
এদিকে দিল্লির বায়ুদূষণ নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। পঞ্জাবের কৃষিজমিতে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোকে কেন্দ্র করে আম আদমি পার্টি (আপ) এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা। বিজেপির অভিযোগ, আপ শাসিত পাঞ্জাবে চলতি বছর ফসল পোড়ানোর ঘটনা সাত গুণ বেড়েছে। যদিও এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।