CJP Protest: ‘আমার প্রোমোশন স্থগিত রাখা হোক’, ককরোচদের অভিযোগের পর সাংবাদিকের শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশ অফিসারের চিঠি

গত সোমবার দিল্লি পুলিশের বেশ কয়েকজন অফিসারের পদোন্নতির তালিকা বেরোয়। তার মধ্যে নাম রয়েছে বিবেক ভগতের। মোট ১২ জন আধিকারিককে অ্যাডিশনাল ডিসিপি পদ দেওয়া হয়। দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, এটি আসলে রুটিনমাফিক করা হয়েছে।

CJP Protest: আমার প্রোমোশন স্থগিত রাখা হোক, ককরোচদের অভিযোগের পর সাংবাদিকের শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশ অফিসারের চিঠি
Image Credit source: PTI

Oct 06, 2026 | 11:12 PM

নয়া দিল্লি: নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলন চলাকালীন দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ঘটনার পরই সেই অফিসারের পদোন্নতি হওয়ায় বিতর্ক বাড়ে পুলিশের পদক্ষেপ ঘিরে। ককরোচ জনতা পার্টির তরফেও ওই অফিসার সম্পর্কে প্রশ্ন তোলা হয়। এই আবহেই নিজের পদোন্নতি স্থগিত রাখার আর্জি জানালেন দিল্লি পুলিশের আধিকারিক বিবেক ভগত।

ভগতের বিরুদ্ধে কী অভিযোগ?

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে যে বিক্ষোভ হয়, সেখানে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। সিজেপি-র আহ্বায়ক সৌরভ দাস অভিযোগ করেন, বিবেক ভগত নামে ওই অফিসার বিক্ষোভ চলাকালীন এক মহিলা সাংবাদিককে অশালীনভাবে স্পর্শ করেন। অবিলম্বে ওই অফিসারকে বরখাস্ত করার ও তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার দাবি জানান। অন্যদিকে অভিজিৎ দীপকে অভিযোগ করেন যে, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর নিতে অস্বীকার করেছে। পরে দিল্লি পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়।

প্রোমোশন ঘিরে বিতর্ক

এরপরই গত সোমবার দিল্লি পুলিশের বেশ কয়েকজন অফিসারের পদোন্নতির তালিকা বেরোয়। তার মধ্যে নাম রয়েছে বিবেক ভগতের। মোট ১২ জন আধিকারিককে অ্যাডিশনাল ডিসিপি পদ দেওয়া হয়। দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, এটি আসলে রুটিনমাফিক করা হয়েছে।

এই পদোন্নতির তালিকা প্রকাশ হওয়ার পর তীব্র সমালোচনা তৈরি হয়। সিজেপি-র তরফে প্রশ্ন করা হয়, সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত বিবেক ভগতকে কোনও শাস্তি না দিয়ে পদোন্নতি করে অ্যাডিশনাল ডিসিপি করা হল কীভাবে? শ্লীলতাহানির অভিযোগের পুরস্কার হিসেবে পদোন্নতি পাওয়া যায়?”

পদোন্নতি স্থগিত করতে বললেন ভগত

বর্তমানে দিল্লির কনট প্লেস থানা এলাকার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার হিসেবে কর্মরত ভগত দিল্লির পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে ভগত জানান যে, তাঁর বিরুদ্ধে এক ইউটিউবারের করা অভিযোগ সংক্রান্ত একটি তদন্ত চলছে। তাই তাঁর পদোন্নতির নির্দেশ স্থগিত রাখার অনুরোধ জানান তিনি। চিঠিতে ভগত লেখেন, “এক ইউটিউবারের করা অভিযোগের প্রেক্ষিতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে আমার বিরুদ্ধে তদন্ত চলছে। তাই আমার পদোন্নতি সংক্রান্ত নির্দেশ স্থগিত রাখা হোক।”

Loading...
Unable to load recommendations.
Follow Us