Delhi Police: ঠাকুমার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার প্রস্তাব প্রত্যাখ্যান অভিজিৎ দীপকের! ভিডিয়ো প্রকাশ দিল্লি পুলিশের

Abhijeet Dipke Delhi Police Video: DCP নেহা যাদব বলেন, “ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ামাত্রই পুলিশকর্মীরা তাঁর কাছে যান এবং দুঃসংবাদটি জানান। তাঁকে সংবেদনশীলতার সঙ্গে জিজ্ঞাসা করা হয়, বিমানের টিকিট, ফোনে কথা বলা বা অন্য কোনও বিষয়ে তাঁর সাহায্যের প্রয়োজন কি না। বারবার জানতে চাওয়া হয়, তিনি বাবা-মায়ের সঙ্গে কথা বলতে চান কি না। কিন্তু তিনি রাজি হননি।”

Delhi Police: ঠাকুমার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার প্রস্তাব প্রত্যাখ্যান অভিজিৎ দীপকের! ভিডিয়ো প্রকাশ দিল্লি পুলিশের
অভিজিৎ দীপকেকে সবরকম সাহায্যের কথা বলা হয়েছিল, জানালেন দিল্লি পুলিশের ডিসিপি নেহা যাদবImage Credit source: Social Media

Oct 11, 2026 | 8:55 PM

নয়াদিল্লি: তাঁর ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ার পর বাড়ি ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, তা প্রত্যাখ্যান করেন ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। রবিবার একটি ভিডিয়ো প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ। তবে পুলিশের এই দাবি খারিজ করে পাল্টা অভিযোগ তুলেছেন দীপকে। তাঁর দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি। এমনকী আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগও দেওয়া হয়নি।

বাড়ি ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল, জানাল দিল্লি পুলিশ-

CJP প্রতিষ্ঠাতার ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ার পর বাড়ি ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, প্রত্যাখ্যান করেন দীপকে। ভিডিয়ো প্রকাশ করে একথা জানান দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার নেহা যাদব। তিনি জানান, দীপকের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া-সহ বিমানযাত্রা এবং ফোনে কথা বলার সুযোগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। বারবার তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বাবা-মায়ের সঙ্গে কথা বলতে চান কি না। কিন্তু তিনি রাজি হননি।

সাংবাদিক বৈঠকে কী বললেন DCP নেহা যাদব?

DCP নেহা যাদব বলেন, “ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ামাত্রই পুলিশকর্মীরা তাঁর কাছে যান এবং দুঃসংবাদটি জানান। তাঁকে সংবেদনশীলতার সঙ্গে জিজ্ঞাসা করা হয়, বিমানের টিকিট, ফোনে কথা বলা বা অন্য কোনও বিষয়ে তাঁর সাহায্যের প্রয়োজন কি না। বারবার জানতে চাওয়া হয়, তিনি বাবা-মায়ের সঙ্গে কথা বলতে চান কি না। কিন্তু তিনি রাজি হননি।”

CJP-র বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশ আধিকারিক আরও বলেন, “আগের ঘটনাগুলিতে দেখা গিয়েছে, এই দল পূর্বে দেওয়া প্রতিশ্রুতি এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে ব্যর্থ হয়েছে। আগে অনুমতি দেওয়া হলেও তারা আইন মেনে চলেনি। তাদের জমায়েত থেকে ব্যাপক পাথর ছোড়া, অগ্নিসংযোগ এবং হিংসার ঘটনা ঘটে। এর ফলে সরকারি সম্পত্তির যথেষ্ট ক্ষতি হয়।”

DCP নেহা যাদবের বক্তব্য, জনপথে প্রস্তাবিত অবস্থান-বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। নির্ধারিত নিয়ম না মানা, আইন ও নির্দেশিকা অমান্য করার পূর্ববর্তী নজির এবং তৎকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, দিল্লির নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য শহরের একাধিক এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৩৩ ধারা জারি করা হয়েছিল। এর আওতায় সব ধরনের জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। জনপথে বিক্ষোভের ডাক দেওয়ার ঘটনায় গত ১০ অক্টোবর অভিজিৎ দীপকে এবং তাঁর দুই সহযোগীকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।


দীর্ঘদিন অসুস্থ ছিলেন দীপকের ঠাকুমা-

অভিজিৎ দীপকের ঠাকুমা সাবিত্রীবাই শঙ্কররাও দীপকের বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় তাঁর মৃত্যু হয়। রবিবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিল্লি পুলিশের বক্তব্য খারিজ করে দীপকের দাবি, কয়েক মিনিট ফোন ব্যবহারের অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু, দিল্লি পুলিশ তাঁর অনুরোধ রাখেনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us