Supreme Court: ‘আর কোনও উপায় নেই’, কোম্পানিই স্বামীর হাফ স্যালারি কেটে মাসে মাসে পাঠিয়ে দেবে স্ত্রীর অ্যাকাউন্টে, বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের

২০২২ সাল থেকে স্বামী ও স্ত্রী পৃথকভাবে বাস করেন। স্ত্রীর অভিযোগ, সন্তানের জন্য কোনও টাকাই দেন না তাঁর স্বামী, এমনকী গত চার বছরে একবারও দেখতেও যাননি নিজের মেয়েকে। এই মামলায় আগেই সুপ্রিম কোর্ট মধ্যস্থতার কথা বলেছিল। নির্দেশ দিয়েছিল মধ্যস্থতার আলোচনায় উপস্থিত হওয়ার জন্য়, যাতায়াতের খরচ হিসেবে স্ত্রী ও মেয়েকে ২৫ হাজার টাকা করে দিতে হবে। সেই নির্দেশ মানেননি ওই ব্যক্তি।

Supreme Court: আর কোনও উপায় নেই, কোম্পানিই স্বামীর হাফ স্যালারি কেটে মাসে মাসে পাঠিয়ে দেবে স্ত্রীর অ্যাকাউন্টে, বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের
Image Credit source: AI Generated Image

Mar 06, 2026 | 8:15 AM

নয়া দিল্লি: বছর কয়েক আগেই স্বামীর সংসার ছেড়ে আলাদা থাকা শুরু করেন স্ত্রী। সঙ্গে ছোট্ট সন্তান। বর্তমানে সেই সন্তানের বয়স ৪ বছর। স্ত্রী একাই দেখাশোনা করেন তাঁকে। স্বামীর কাছ থেকে কোনও অর্থ সাহায্যই পান না! এই অভিযোগ জানিয়ে একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছেন স্ত্রী, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এমনকী আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও কোনও হেলদোল নেই স্বামীর। শেষ পর্যন্ত উপায় না দেখে স্বামীর বেতন থেকেই টাকা কেটে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অমান্য করায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে শীর্ষ আদালত।

জানা গিয়েছে, ২০২২ সাল থেকে স্বামী ও স্ত্রী পৃথকভাবে বাস করেন। স্ত্রীর অভিযোগ, সন্তানের জন্য কোনও টাকাই দেন না তাঁর স্বামী, এমনকী গত চার বছরে একবারও দেখতেও যাননি নিজের মেয়েকে। এই মামলায় আগেই সুপ্রিম কোর্ট মধ্যস্থতার কথা বলেছিল। নির্দেশ দিয়েছিল মধ্যস্থতার আলোচনায় উপস্থিত হওয়ার জন্য়, যাতায়াতের খরচ হিসেবে স্ত্রী ও মেয়েকে ২৫ হাজার টাকা করে দিতে হবে। সেই নির্দেশ মানেননি ওই ব্যক্তি।

এদিকে, ২০২৪-এ ম্যাজিস্ট্রেট কোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশে বলে, এরিয়ার সহ স্ত্রীকে মোট ১.৩৮ লক্ষ টাকা দিতে হবে ভরণপোষণের খরচ হিসেবে। স্বামীর দাবি ছিল, তিনি অর্থকষ্টে রয়েছেন। সুপ্রিম কোর্ট খতিয়ে দেখে ৫০ হাজার টাকা বেতন পান তিনি। এরপর শীর্ষ আদালত নির্দেশ দেয়, ২.৫ লক্ষ টাকা জমা করতে হবে স্ত্রীর অ্যাকাউন্টে। কিন্তু সেই টাকাও দেননি স্বামী। এরপর আর কোনও উপায় ছিল না আদালতের কাছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, স্বামী যে সংস্থায় চাকরি করেন, সেই সংস্থাই ওই ব্যক্তির বেতন থেকে ২৫ হাজার টাকা কেটে মাসে মাসে জমা দেবেন স্ত্রীর অ্যাকাউন্টে।

সন্তানের জন্য উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। স্ত্রীর বাবারও মৃত্যু হওয়ায় আপাতত সন্তানকে নিয়ে এক আত্মীয়ের কাছে থাকেন তিনি। আগামী এপ্রিল মাসে ফের এই মামলার শুনানি রয়েছে। তখন সুপ্রিম কোর্ট দেখবে, এই নির্দেশ মানা হয়েছে কি না।