
ইম্ফল: হাতে সাতদিন সময়। তার মধ্যেই নির্দেশ মানতে হবে। চূড়ান্ত বার্তা দিয়ে দিলেন মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা। হিংসাবিধ্বস্ত মণিপুরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। নতুন কোনও মুখ্যমন্ত্রী বাছাই না করায় বর্তমানে রাজ্যে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন। এর মধ্যেই চরম বার্তা রাজ্যপালের।
সাতদিনের মধ্যে লুট করা ও জমা রাখা যাবতীয় অস্ত্র সমর্পণ করতে বললেন রাজ্যপাল অজয় ভাল্লা। মণিপুরে পরিস্থিতি সামলাতেই রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে অজয় ভাল্লাকে। বৃহস্পতিবার তিনি নির্দেশ দিয়ে জানান, সাতদিনের মধ্যে পুলিশের থেকে লুটপাট করা ও অবৈধভাবে রাখা অস্ত্র সমর্পণ করতে হবে। যারা এই সময়ের মধ্যে অস্ত্র জমা দেবেন, তাদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না।
রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যে স্বাভাবিকতা ফেরাতে সম্প্রদায়দের নিজেদের মধ্যে শত্রুতা থামাতে হবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা ফেরাতে হবে। যদি সাতদিন সময়ের মধ্যে কেউ অস্ত্র জমা না দেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। যারা অস্ত্র জমা দেবেন, তাদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সাত দিনের মধ্যে নিকটতম ফাঁড়ি, থানা বা নিরাপত্তা বাহিনীর শিবিরে লুট করা অস্ত্র জমা দিতে বলেছেন অজয় ভাল্লা।
প্রসঙ্গত, ২০২৩ সালে মে মাস থেকেই জ্বলছে মণিপুর। সংরক্ষণ নিয়ে ভুল তথ্য ঘিরে কুকি ও মেতেই- দুই জনগোষ্ঠীর মধ্যে যে বিরোধ শুরু হয়েছিল, তা বছরের পর বছর ধরে চলছে। হিংসায় এখনও পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ।