
কেরলম: রক্তের সম্পর্ক না থাকলেও সন্তান তো সন্তানই। দত্তক সন্তানকে বাবা-মা কখনই আলাদাভাবে দেখে না। তাই তার নামের আগে দত্তক সন্তান লেখার প্রয়োজনীয়তা কী! এই প্রশ্নই উঠল আদালতে। এক সন্তানের করা মামলায় দত্তক লেখা নিয়ে বিশেষ নির্দেশ দিল কেরলম হাইকোর্ট।
সরকারি নথিপত্রে কোনও সন্তানকে দত্তক পুত্র বা দত্তক কন্যা হিসেবে বর্ণনা করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। সন্তানকে কেবল ‘পুত্র’ বা ‘কন্যা’ হিসেবেই দেখাতে হবে সরকারি নথিতে। কোনও বিশেষণের প্রয়োজন নেই বলে উল্লেখ করেছে আদালত।
এক কন্যাসন্তানের করা মামলায় কেরল হাইকোর্ট সে রাজ্যের সরকারকে নির্দেশ দিয়েছে যাতে লিগ্যাল হেয়ারশিপ সার্টিফিকেটে কাউকে ‘দত্তক পুত্র’ বা ‘দত্তক কন্যা’ হিসেবে উল্লেখ না করা হয়। ওই অপশনটিই সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত পর্যবেক্ষণে জানিয়েছে যে, সমাজ যখন সন্তানকে সংশ্লিষ্ট বাবা-মায়ের পুত্র বা কন্যা হিসেবেই গ্রহণ করে, তখন সরকারি নথিপত্রে তাকে ‘দত্তক কন্যা’ বা ‘দত্তক পুত্র’ হিসেবে আলাদা করে চিহ্নিত করার কোনও প্রয়োজন নেই। বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণন বলেন, কোনও সন্তানকে দত্তক হিসেবে উল্লেখ করার মধ্যে অপমানজনক কিছু না থাকলেও সরকারি নথিতে এই ধরনের বিশেষণ ব্যবহার এড়িয়ে চলা উচিত।
এক মহিলার দায়ের করা আবেদনের শুনানি চলছিল আদালতে। ওই মহিলা জানান, তাঁর বাবার মৃত্যুর পর লিগ্যাল হেয়ারশিপ সার্টিফিকেটে তাঁকে তাঁর বাবার ‘দত্তক কন্যা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তিনি দত্তক নেওয়ার বিষয়টি অস্বীকার করেননি, তবে আদালতকে জানান যে প্রয়াত বাবার সঙ্গে তাঁর সম্পর্কের স্বীকৃতি হিসেবে যে নথি দেওয়া হয়েছে, সেখানে তাঁকে কেবল ‘কন্যা’ হিসেবেই পরিচয় দেওয়া উচিত। তিনি আরও জানিয়েছেন, তাঁর আধার, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এবং স্কুলের শংসাপত্র-সহ সমস্ত সরকারি নথিতেই তাঁকে বাবা-মায়ের কন্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণন বলেন, “কোনও সন্তানকে দত্তক হিসেবে বর্ণনা করার মধ্যে অপমানজনক কিছু না থাকলেও সরকারি নথিতে এই ধরনের বিশেষণ ব্যবহার এড়িয়ে চলা উচিত।” আবেদনকারী মহিলার দাবি, বাবার সঙ্গে তাঁর সম্পর্ককে ‘দত্তক কন্যা’ হিসেবে বর্ণনা করা অপ্রয়োজনীয় এবং এতে তাঁর আইনি মর্যাদা ও আত্মসম্মানে প্রভাব পড়ে। সরকাকে অবিলম্বে এই অপশনটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত উল্লেখ করেছে যে, দত্তক নেওয়ার তারিখ থেকে দত্তক নেওয়া সন্তান সব দিক থেকেই তার দত্তক গ্রহণকারী বাবা বা মায়ের সন্তান হিসেবে বিবেচিত হবে। নির্দিষ্ট দিন থেকেই জন্মদাতা পরিবারের সঙ্গে সন্তানের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে দত্তক পরিবারের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে বলে ধরে নেওয়া হবে।
আদালত পর্যবেক্ষণে বলেছে, “সমাজ দত্তক নেওয়া সন্তানকে সেই ব্যক্তির পুত্র বা কন্যা হিসেবেই মেনে নেয়। কেউই তাদের ‘দত্তক পুত্র’ বা ‘দত্তক কন্যা’ বলে ডাকে না। তাই সমাজ যখন গ্রহণ করে, তখন সরকারি নথিতে সন্তানকে ‘দত্তক কন্যা’ বা ‘দত্তক পুত্র’ হিসেবে বর্ণনা করার কোনও প্রয়োজন নেই।”