
নয়া দিল্লি: লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে সমস্ত দল প্রস্তুত। TV9 নেটওয়ার্কের কনক্লেভে আলোচনায় অংশ নিলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি ও বিজেপির অন্যতম মুখপাত্র গৌরব ভাটিয়া। ‘সত্তা সম্মেলন’-এর মুখোমুখি হয়ে ভোটের আগে রাজনৈতিক কৌশল সহ একাধিক বিষয়ে কথা বলেছেন তাঁরা।
বিজেপিকে আক্রমণ করতে গিয়ে রাম মন্দির প্রসঙ্গ তোলেন প্রমোদ তিওয়ারি। কেন্দ্রের শাসক দলকে কটাক্ষ করে তিনি বলেন, “আমি রামের পূজারি, কিন্তু ব্যবসায়ী নই।” বিজেপি সুপ্রিম কোর্টকে বাধ্য করে মন্দির তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। কংগ্রেস নেতা বলেন, ‘আমি ভগবান রামের উপাসক, বিজেপির মতো ব্যবসায়ী নই।’ পতাকা স্থাপন না করা পর্যন্ত মন্দির সম্পূর্ণ হয় না। তাঁর দাবি, মূল্যবৃদ্ধি ইস্যু এড়াতে আগেই মন্দির খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। তাঁর দাবি, বিজেপি ৪০০ তো দূর ১০০ আসনও পাবে না।
উত্তরপ্রদেশ রাজ্যসভা নির্বাচনে সমাজবাদী পার্টির নেতারা কেন বিজেপিকে ভোট দেবেন? এই প্রশ্নের উত্তরে প্রমোদ তিওয়ারি বলেন, রাজনীতিতে সবাইকে একটা পথ বেছে নিতে হয়, যেখানে উপকার হয় সেখানেই মানুষ যায়। এই প্রসঙ্গে বিজেপি নেতা গৌরব ভাটিয়া দাবি করেন, বিজেপিতে কোনও এক চুম্বক আছে বা আকর্ষণ আছে, যাতে বিরোধী নেতারা আকর্ষিত হচ্ছেন। তিনি বলেন, “নরেন্দ্র মোদী আমাদের দলের সেই চুম্বক, যাঁকে দেখে মানুষ আমাদের সঙ্গে আসছে।”