
ঠাকুমার যখন অল্প বয়স, তখন তাঁর বাড়ির সবচেয়ে বিপজ্জনক ঘরটি ছিল রান্নাঘর। প্রতিদিন সকাল-সন্ধ্যা মাটির উনুনের সামনে বসে রান্না করতেন তিনি। জ্বালানি হিসেবে ব্যবহার করতেন কাঠ, গোবরের ঘুঁটে আর শুকনো গাছের ডালপালা। তাঁর সবচেয়ে ছোট সন্তানটি সব সময় কাছাকাছি কোথাও বসে থাকত। ধোঁয়ায় ভরে যেত গোটা ঘর। চোখ দিয়ে জল পড়ত। শাড়ির আঁচলে মুখ ঢেকে কাশতে কাশতেই রান্না চালিয়ে যেতেন তিনি। কারণ, পরিবারের সবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। কেউ অবশ্য একে জরুরি স্বাস্থ্য সমস্যা বলে মনে করত না। এটাই ছিল রান্না করার স্বাভাবিক পদ্ধতি। আজ ঠাকুমা গ্যাসের উনুনে রান্না করেন। তাঁর রান্নাঘর এখন ধোঁয়ামুক্ত। কিন্তু তাঁর ন’বছরের নাতনি অণু নভেম্বর মাসে স্কুলে যাওয়ার পথে খোলা রাস্তায় কাশতে থাকে। আর পরিবার সেটাকে বলে, ‘আবহাওয়ার পরিবর্তন’।
দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ (The Lancet Planetary Health) পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায়, গ্লোবাল বার্ডেন অব ডিজিজ প্রকল্পের তথ্যের ভিত্তিতে ভারতের প্রতিটি রাজ্যের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। ঠাকুমার সময় থেকে বায়ুদূষণের বিপদ কীভাবে বদলেছে, সেই ছবিই উঠে এসেছে গবেষণায়। আর তার ফলাফল আমাদের প্রত্যাশার চেয়েও বেশি বিস্ময়কর।
বায়ুদূষণের কারণে ভারতে কত মানুষের মৃত্যু হয়?
প্রথমেই সমস্যার ব্যাপকতা বোঝা যাক। গবেষণায় দেখা গিয়েছে, ২০১৯ সালে ভারতে বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত কারণে প্রায় ১৬.৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ, ১.৬৭ মিলিয়ন মানুষ। ওই বছর দেশের মোট মৃত্যুর ১৭.৮ শতাংশের জন্য দায়ী ছিল বায়ুদূষণ। হিসাব করলে প্রতি ছ’জনের মধ্যে প্রায় একজন।
তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। এই পরিসংখ্যান বিভিন্ন মডেলের ভিত্তিতে তৈরি আনুমানিক হিসাব, সরাসরি মৃত্যুর শংসাপত্র থেকে পাওয়া তথ্য নয়। কারণ, বায়ুদূষণের জন্য মৃত্যুকে সাধারণত আলাদা করে চিহ্নিত করা যায় না। দূষণ সচরাচর একা কোনও মানুষের মৃত্যুর কারণ হয় না। বরং দুর্বল হৃদযন্ত্রকে আরও দুর্বল করে, অসুস্থ ফুসফুসের সমস্যা বাড়িয়ে দেয় কিংবা ছোট শিশুর শ্বাস নেওয়ার কষ্ট আরও বাড়িয়ে তোলে। গবেষকরা দূষিত ও তুলনামূলকভাবে পরিচ্ছন্ন এলাকার মৃত্যুর হারের পার্থক্য বিশ্লেষণ করে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা নির্ধারণ করেন।
অন্য গবেষণায় এই সংখ্যা কিছুটা আলাদা হতে পারে। বৈজ্ঞানিক গবেষণায় এটাই স্বাভাবিক। তবে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে কোনও সংশয় নেই। গবেষণায় বায়ুদূষণের অর্থনৈতিক ক্ষতির হিসাবও তুলে ধরা হয়েছে। ২০১৯ সালে এর ফলে দেশের উৎপাদনশীলতার ক্ষতি হয়েছিল প্রায় ৩৬.৮ বিলিয়ন মার্কিন ডলার। যা ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা GDP-র প্রায় ১.৩৬ শতাংশ। এর পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা খাতে অতিরিক্ত খরচ হয়েছিল প্রায় ১২ বিলিয়ন ডলার।
ঘরোয়া বায়ুদূষণ কমেছে, বেড়েছে বাইরের দূষণ-
গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, বায়ুদূষণের উৎসের পরিবর্তন। মূলত দুই ধরনের বায়ুদূষণ রয়েছে। প্রথমটি বাইরের বাতাসের দূষণ। যানবাহন, কলকারখানা, ধুলো, ফসলের অবশিষ্টাংশ পোড়ানো এবং বিদ্যুৎকেন্দ্র থেকে এই দূষণ ছড়ায়। দ্বিতীয়টি ঘরের ভিতরের বায়ুদূষণ। কাঠ, গোবরের ঘুঁটে কিংবা ফসলের বর্জ্য জ্বালিয়ে রান্না করার ফলে এই দূষণ তৈরি হয়।
গবেষণায় দেখা গিয়েছে, ১৯৯০ থেকে ২০১৯ সালের মধ্যে ঘরোয়া বায়ুদূষণের কারণে মৃত্যুর হার ৬৪.২ শতাংশ কমেছে। নিঃসন্দেহে এটি একটি বড় সাফল্য। এর অন্যতম কারণ, বর্তমানে অনেক বেশি পরিবার রান্নার জন্য পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করছে। ফলে আগের তুলনায় অনেক কম মহিলা ও শিশুকে রান্নাঘরের ধোঁয়ায় ভরা পরিবেশে দীর্ঘ সময় কাটাতে হচ্ছে।
কিন্তু একই সময়ে বাইরের বাতাসে থাকা সূক্ষ্ম ধূলিকণা বা পার্টিকুলেট ম্যাটারের কারণে মৃত্যুর হার বেড়েছে ১১৫.৩ শতাংশ। অর্থাৎ, দ্বিগুণেরও বেশি। অন্যদিকে, বাইরের বাতাসে ওজোন দূষণের কারণে মৃত্যুর হার বেড়েছে ১৩৯.২ শতাংশ।
রান্নাঘর থেকে রাস্তায় সরে এসেছে বায়ুদূষণের বিপদ-
অর্থাৎ, ধোঁয়া পুরোপুরি উধাও হয়ে যায়নি। বরং তার অবস্থান বদলেছে। একসময় যে দূষণের সবচেয়ে বড় শিকার ছিলেন দরিদ্র গ্রামীণ মহিলারা, সেই বিপদ অনেকটাই কমেছে। কিন্তু অন্য একটি দূষণের প্রকোপ বেড়েছে, যার শিকার হতে হচ্ছে বাইরে বেরনো প্রায় প্রত্যেক মানুষকে।
একসময় উনুনের সামনে দাঁড়িয়ে রান্না করা মহিলাদের শরীরের ক্ষতি করত যে ধোঁয়া, এখন তা গোটা এলাকার মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। এই দূষণ কারা শ্বাস নিচ্ছেন, তা দেখে কাউকে আলাদা করে চিহ্নিত করে না।
বায়ুদূষণের প্রভাব সবার উপর সমান নয়-
তবে তার অর্থ এই নয় যে বায়ুদূষণে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সারাদিন যানজটের মধ্যে কাজ করা ডেলিভারি কর্মী, নির্মাণশ্রমিক, রাস্তার হকার, প্রবীণ মানুষ কিংবা একেবারে ছোট শিশুরা অন্যদের তুলনায় অনেক বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। একটি সচ্ছল পরিবার চাইলে এয়ার পিউরিফায়ার কিনতে পারে, জানালা বন্ধ করে ঘরের ভিতরে থাকতে পারে। কিন্তু রাস্তার ধারের চায়ের দোকানদারের পক্ষে তো আর রাস্তা বন্ধ করে রাখা সম্ভব নয়।
এই কারণেই গবেষণায় রাজ্যভিত্তিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। কারণ, ভারতের সব জায়গায় বায়ুদূষণের সমস্যা এক রকম নয়। যদিও সংবাদমাধ্যমের শিরোনামে মূলত বড় শহরগুলির দূষণের কথাই বেশি উঠে আসে, বাস্তবে সমস্যাটি তার চেয়ে অনেক বেশি বিস্তৃত।
বিপজ্জনক বাতাসকেও আমরা বলছি ‘ঋতুর পরিবর্তন’-
এই পুরো পরিস্থিতির মধ্যে মানুষের মনোযোগ ও সচেতনতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে রয়েছে। আমরা অনেকেই এমন দিন দেখেছি, যখন আকাশের রং দুধের মতো সাদা হয়ে গিয়েছে। সকালে শিশুর কাশি শুনেও সেটাকে স্বাভাবিক বলে মেনে নিয়েছি। এর নাম দিয়েছি ‘ঋতুর পরিবর্তন’।
ধীরে ধীরে আমরা এই পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। আর কোনও কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে তা নিয়ে প্রশ্ন তোলার প্রবণতাও কমে যায়। অণুর মা অসচেতন নন। কিন্তু তাঁকে কেউ কখনও বোঝায়নি যে অণুর কাশির পিছনেও রয়েছে একটি নির্দিষ্ট পরিসংখ্যান, যার সঙ্গে জড়িয়ে রয়েছে বায়ুদূষণের বিপদ।
রান্নাঘরের ধোঁয়া কমানোর সাফল্য বাইরের দূষণ নিয়ন্ত্রণের পথ দেখাতে পারে-
ঠাকুমা অবশ্য রান্নাঘরের সেই ধোঁয়ার কথা এখনও মনে রেখেছেন। তাঁর মতে, পুরনো দিনের ধোঁয়া আর আজকের ধোঁয়া এক নয়। তাঁর কথায়, “আমাদের সময় ধোঁয়াটা বাড়ির ভিতরেই থাকত। আর তোমাদের সময় ধোঁয়া সর্বত্র।”
একদিক থেকে তিনি ঠিকই বলেছেন। আবার অন্য দিক থেকে দেখলে, তাঁর সময়ের ধোঁয়াও কম বিপজ্জনক ছিল না। বরং সেটি ছিল নীরব ঘাতক। মহিলাদের রান্নাঘরের মধ্যে, চার দেওয়ালের আড়ালে সেই দূষণ তৈরি হত বলে তার বিপদ বুঝতে অনেক বেশি সময় লেগেছিল।
শেষ পর্যন্ত ভারতের ইতিহাসই দেখিয়ে দিয়েছে, একসময় যে বিপদকে স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়েছিল, দেশ উদ্যোগী হওয়ায় সেই সমস্যার মোকাবিলা সম্ভব হয়েছে।
রান্নাঘরের ধোঁয়া আমরা দূর করতে পেরেছি। কিন্তু রাস্তার ধোঁয়া দূর করবে কে?
সূত্র: India State-Level Disease Burden Initiative, ‘Health and economic impact of air pollution in the states of India: the Global Burden of Disease Study 2019’, The Lancet Planetary Health (2021)। গবেষণার তথ্য বস্টন কলেজের বায়ুদূষণ সংক্রান্ত একটি প্রতিবেদনের মাধ্যমেও সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এখানে ব্যবহৃত পরিসংখ্যানগুলি মডেলভিত্তিক আনুমানিক হিসাব, মৃত্যুর শংসাপত্র থেকে পাওয়া সরাসরি তথ্য নয়।
বিশেষ দ্রষ্টব্য: ঠাকুমা ও অণুর চরিত্র কাল্পনিক, তবে গবেষণার তথ্য বাস্তব।