Kisan of India Awards 2026: কিসান অব ইন্ডিয়া সম্মান ২০২৬: কৃষিক্ষেত্রে উদ্ভাবন ও মহিলা কৃষকদের অবদানের স্বীকৃতি

Indian Farmers Honoured for Agricultural Excellence: অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ইন্ডিয়া চেম্বার অব ফুড অ্যান্ড এগ্রিকালচারের সভাপতি সুরেশ প্রভু ভিডিয়ো বার্তার মাধ্যমে মহিলা কৃষকদের অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরও মজবুত করতে মহিলা কৃষকদের স্বীকৃতি দেওয়া, তাঁদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা অত্যন্ত জরুরি।

Kisan of India Awards 2026: কিসান অব ইন্ডিয়া সম্মান ২০২৬: কৃষিক্ষেত্রে উদ্ভাবন ও মহিলা কৃষকদের অবদানের স্বীকৃতি
সেরা মহিলা কৃষকের সম্মান পেলেন বিহারের রাজকুমারী দেবীImage Credit source: X/@KisanofIndia

Nov 28, 2026 | 7:40 PM

নয়াদিল্লি: কৃষিক্ষেত্রে উদ্ভাবন, মহিলা কৃষকদের অবদান এবং গ্রামীণ উদ্যোগকে উৎসাহিত করতে শনিবার দিল্লিতে আয়োজিত হল ‘কিসান অব ইন্ডিয়া সম্মান ২০২৬’। এই অনুষ্ঠানে কৃষিক্ষেত্রে উদ্ভাবন, মহিলা নেতৃত্ব এবং গ্রামীণ উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য কৃষক ও উদ্যোগপতিদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞরা মহিলা কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিক্ষেত্রে আগামী প্রজন্মকে তৈরি করার উপর বিশেষ গুরুত্ব দেন।

বিহারে চা চাষের প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি পেয়েছেন রাজ করণ দফতরি। তাঁর উদ্যোগে বিহারে প্রায় ২৫ হাজার একর জমিতে চা চাষ হচ্ছে। এর ফলে উপকৃত হয়েছেন ৮,৫০০-রও বেশি কৃষক। পাশাপাশি প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে, রাজস্থানের মধু বালা মহাজন ২০ একর জমিতে আধুনিক পলিহাউস পদ্ধতিতে উচ্চমূল্যের ফসল চাষ এবং প্রায় ২০০ মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সম্মানিত হয়েছেন।

এ ছাড়া পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন হর্ষ সিং ডাংওয়াল (জৈব ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষ), কৃষ্ণপাল সিং লোধি (নতুন প্রযুক্তির প্রয়োগ), জগদীপ সিং সান্ধু (দুগ্ধ খামার), বন্দনা চুরেন্দ্র (মৎস্যচাষ) এবং অনিতা কুমারী কুশওয়াহা (খাদ্য প্রক্রিয়াকরণ)।

বিহারের রাজকুমারী দেবী, যিনি ‘কিসান চাচি’ নামে পরিচিত, তাঁকে বছরের সেরা মহিলা কৃষকের পুরস্কার দেওয়া হয়েছে। অন্যদিকে, মধ্যপ্রদেশের মাহি পাওয়ার পেয়েছেন ‘এগ্রি-ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার’ সম্মান। বস্তারের রজিয়া শেখকে দেওয়া হয়েছে তরুণ কৃষি উদ্যোগপতির স্বীকৃতি। ‘বস্তার ফুডস’-এর মাধ্যমে মহুয়া দিয়ে তৈরি বিভিন্ন পণ্য বাজারজাত করার পাশাপাশি আদিবাসী মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন তিনি।

এ ছাড়া উচ্চমানের প্রোটিনসমৃদ্ধ ভুট্টা বা কিউকিউএম (QPM) উদ্ভাবনের জন্য বিজ্ঞানী ড. সুরিন্দর কুমার ওয়াসালকে দেওয়া হয়েছে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। অন্যদিকে, সবুজ বিপ্লবের জনক ড. এম এস স্বামীনাথনের অবদান ও আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ এম এস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে ‘গ্রিন রেভলিউশন লেগ্যাসি অ্যাওয়ার্ড’।

অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ইন্ডিয়া চেম্বার অব ফুড অ্যান্ড এগ্রিকালচারের সভাপতি সুরেশ প্রভু ভিডিয়ো বার্তার মাধ্যমে মহিলা কৃষকদের অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরও মজবুত করতে মহিলা কৃষকদের স্বীকৃতি দেওয়া, তাঁদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা অত্যন্ত জরুরি।

কৃষিবিজ্ঞানী ড. আর এস পরোদাও মহিলা কৃষকদের ক্ষমতায়ন এবং আগামী প্রজন্মকে কৃষিকাজের সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। উল্লেখ্য, আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ ২০২৬ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Loading...
Unable to load recommendations.
Follow Us