
শ্রীনগর: রক্তাক্ত ভূস্বর্গ। কুলগামে চেক পোস্টে জঙ্গি হামলা। সিআরপিএফ জওয়ানদের উপরে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। হামলায় আহত তিন সিআরপিএফ জওয়ান। এবার সামনে এল জঙ্গি হানার ভয়ঙ্কর ফুটেজ। মাত্র ১৫ সেকেন্ডেই ৩০ রাউন্ড গুলি চালায় জঙ্গিরা।
ঘড়ির কাঁটায় তখন দুপুর ২টো ১৫। দক্ষিণ কাশ্মীরের কুলগামের আখরানে, মির বাজার এলাকায় বসানো ছিল চেকপোস্ট। সেখানে নাকা তল্লাশি চলছিল। আচমকাই বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। সিআরপিএফ জওয়ানরা কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
যে সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, তাতে দেখা গিয়েছে সিআরপিএফের বসানো উঁচু ব্যারিকেডে টানা গুলি চলছে। কয়েক সেকেন্ড ধরে শুধু গুলির শব্দই শোনা যাচ্ছিল। জানা গিয়েছে, ১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি চলে। ফুটেজে দেখা গিয়েছে, জওয়ানরা বসেছিলেন। আচমকাই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। সঙ্গে সঙ্গে জওয়ানরা দৌড় লাগান। তারাও বন্দুক উঁচিয়ে জঙ্গিদের ধাওয়া করেন।
হামলার পরই মির বাজার এলাকায় অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়েছে। আর্মার্ড ভেহিকেল নিয়ে রাস্তায় নেমেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে চলছে চিরুণি তল্লাশি। লাউড স্পিকারে ঘোষণা করে স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘরেই থাকতে বলা হয়েছে।
এই হামলার পিছনে লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মূল চক্রী লস্কর কম্যান্ডার লতিফ ভাট। এর আগেও একাধিক নাশকতার হামলায় এই লতিফের হাত ছিল। তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা।