
পটনা: ফের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ও লালু-তনয় তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তলব করে নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার রেলের চাকরি নিয়ে দুর্নীতির তছরুপের মামলাতেই লালুপ্রসাদ ও তেজস্বী যাদবকে নোটিস পাঠিয়েছে ইডি।
ইডি সূত্রে খবর, রেলমন্ত্রী থাকাকালীন সময়ে লালু প্রসাদ যাদব ঘনিষ্ঠদের জমির বদলে রেলে চাকরি দিয়েছেন বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই এই মামলা চলছে। ইতিমধ্যে এই মামলায় বেশ কয়েকবার লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারের সদস্যদের জেরা করেছে সিবিআই থেকে ইডি। এবার ফের লালু প্রসাদ ও তেজস্বী যাদবকে তলব করল ইডি। আগামী ২৯ জানুয়ারি লালু প্রসাদ যাদব ও ৩০ জানুয়ারি তেজস্বী যাদবকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পটনায় ইডি-র অফিসে তাঁদের তলব করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই রেলে চাকরি দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দিয়েছে ইডি। এর পরদিনই লালু প্রসাদ ও তাঁর ছেলেকে তলব করল ইডি। যদিও এর আগেও বাবা ও ছেলেকে সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু, তাঁরা সেটা এড়িয়ে গিয়েছেন। তার আগে লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীকে সমন দিয়েছিল ইডি।