
নয়া দিল্লি: ১৯৯৮ সালের পর থেকে ভোটদানের হার কখনও ৩০ শতাংশের গণ্ডী পেরোয়নি কাশ্মীরে। ১১ থেকে ৩০ শতাংশের মধ্যেই থাকত ভোটদানের হার। এবার লোকসভা নির্বাচনে রেকর্ড ভাঙল উপত্যকা। সোমবার অর্থাৎ চতুর্থ দফা ভোটে কাশ্মীরের পাঁচ জেলায় মোট ভোটের হার ৩৬.৫৮ শতাংশ। ১৯৯৬ সালের পর এই প্রথমবার এত বেশি ভোট পড়ল কাশ্মীরে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বিলুপ্ত হওয়ার পর এই প্রথমবার ভোট হল কাশ্মীরে।
মুখ্য নির্বাচনী আধিকারিক পান্ডুরাং কে পোলে জানিয়েছেন, সোমবার বিকেল ৫ টা পর্যন্ত ৩৬ শতাংশ ভোট পড়েছে কাশ্মীরে। শেষবার ১৯৮৯ সালে এত বেশি ভোটের হার দেখেছিল কাশ্মীর। এরপর জঙ্গি হামলা, সেনা অভিযানে বিপর্যস্ত ভূ-স্বর্গে ভোটের হার দিনে দিনে কমছিল।
পাঁচটি জেলার মোট ২ হাজার ১৩৫টি বুথে ভোটগ্রহণ হয় সোমবার। কিন্তু কোনও অশান্তির খবর সামনে আসেনি। কাশ্মীরে মূলত লড়াই হচ্ছে পিডিপ ও ন্যাশনাল কনফারেন্সের মধ্য়ে। এই দুই দলই এবার চুটিয়ে প্রচারও করেছে। কাশ্মীরের বাসিন্দারা বলছেন, ‘৩০ বছর পর শান্তিতে ভোট দিলাম। এই ভোট হয়ত কাশ্মীরের ভাগ্য বদলে দিতে পারে।’
তবে দুই রাজনৈতিক দলই অভিযোগ জানিয়েছে, কোথাও কোথাও পুলিশ তাদের এজেন্টদের হেনস্থা করেছে। ভোটিং মেশিন ঠিকভাবে কাজ করছিল না, ফলে লম্বা লাইন পড়েছে বলেও দাবি করেছেন ওই দুই দলের সদস্যরা। তবে কমিশন দাবি করেছে, কোথাও কোনও সমস্যা হয়নি। নির্বাচনী আধিকারিকরাও নির্বিঘ্নে কাজ করেছে।