
ভোপাল: যৌন অভিপ্রায় নিয়ে কোনও নাবালিকার হাত ধরা হলে তা পকসো (POCSO) আইনের আওতায় যৌন নিগ্রহের অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল মধ্য প্রদেশ হাইকোর্ট। পকসো আইনের ৭ নম্বর ধারায় এক ব্যক্তির বিরুদ্ধে দেওয়া সাজা বহাল রাখল আদালত।
ইউসুফ নামে এক ব্যক্তি বিশেষ আদালতের দেওয়া তিন বছরের কারাদণ্ডের সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ফৌজদারি আবেদন করেছিলেন। তবে সেই আবেদন খারিজ করে দিল মধ্য প্রদেশ হাইকোর্ট। বিচারপতি অলোক অবস্থি পর্যবেক্ষণে জানিয়েছেন, ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং শারীরিক স্পর্শের পিছনে থাকা অভিপ্রায়—কোনও কাজ যৌন নিগ্রহের সংজ্ঞার মধ্যে পড়বে কি না, তা নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঠিক কী ঘটেছিল?
অভিযোগ, অভিযুক্ত ইউসুফ ইন্দোরে নির্যাতিতার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতেন। ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর নির্যাতিতার বাবা-মা এবং দিদি বাজারে গিয়েছিলেন। সেই সময় ১২ বছরের ওই নাবালিকা বাড়িতে একা ছিল। অভিযোগ, সেই সুযোগে দোতলায় যায় অভিযুক্ত। অভিযোগকারিণী জানায়, যৌন অভিপ্রায় নিয়ে তার হাত ধরে ফেলেন ইউসুফ। সে আপত্তি জানানো সত্ত্বেও হাত ছাড়েননি তিনি। কোনওক্রমে নিজেকে ছাড়িয়ে গ্যালারির দিকে দৌড়ে যায় ওই নাবালিকা এবং দরজা বন্ধ করে দেয়। পরে মাকে গোটা ঘটনা জানায় সে। বাবা-মায়ের কাছেও ঘটনার বিবরণ দেয়। তদন্তের পর ভারতীয় দণ্ডবিধি (IPC), তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।
বিশেষ আদালত অভিযুক্তকে পকসো আইনের ৭ ও ৮ নম্বর ধারায় ইউসুফকে দোষী সাব্যস্ত করে। তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। এই সাজাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত। তাঁর দাবি ছিল, অভিযোগের বিষয়বস্তু শুধুমাত্র নাবালিকার হাত ধরে রাখা পর্যন্তই সীমাবদ্ধ। অথচ বিচার চলাকালীন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে নিম্ন আদালত অযৌক্তিক সিদ্ধান্তে পৌঁছেছে।
নির্যাতিতার বয়ানে অসঙ্গতি থাকলেই কি অভিযুক্তকে ছাড় দেওয়া যায়?
মামলার সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখেন বিচারপতি অলোক অবস্থি। নির্যাতিতার জন্মের শংসাপত্র এবং স্কুলের নথি থেকে তার বয়স নিশ্চিত করা হয়েছে বলে জানায় আদালত। পাশাপাশি, ঘটনার গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে নির্যাতিতার বয়ানেও ধারাবাহিকতা রয়েছে বলে পর্যবেক্ষণ করে আদালত।
নির্যাতিতার বক্তব্য এবং পুলিশের কাছে দেওয়া বয়ানে সামান্য পার্থক্য থাকার বিষয়টিও খতিয়ে দেখে আদালত। এ প্রসঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশের কাছে দেওয়া বয়ান ও আদালতে সাক্ষ্য দেওয়ার সময় বক্তব্যে সামান্য পার্থক্য থাকা স্বাভাবিক। একইভাবে মা ও সন্তানের বয়ানে সামান্য অমিল থাকলেও তাতে মামলার মূল ভিত্তি নড়ে যায় না।
আদালত আরও জানায়, যৌন অপরাধের ঘটনায় নির্যাতিতার বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য সাক্ষ্যই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। বিপরীত কোনও জোরালো কারণ না থাকলে সেই সাক্ষ্যকে সমর্থন করার জন্য অন্য কোনও স্বাধীন সাক্ষীর প্রয়োজন নেই।
যৌন অভিপ্রায়ে নাবালিকার হাত ধরাও যৌন নিগ্রহের আওতায় পড়তে পারে-
পকসো আইনের ৭ নম্বর ধারার পরিধিও বিশদে ব্যাখ্যা করেছে হাইকোর্ট। এই ধারায় যৌন অভিপ্রায়ে শারীরিক স্পর্শের মাধ্যমে সংঘটিত অপরাধকে যৌন নিগ্রহ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর জন্য যৌনাঙ্গে অনুপ্রবেশ বা পেনিট্রেশন হওয়া বাধ্যতামূলক নয়। আদালতের পর্যবেক্ষণ, “প্রমাণিত পরিস্থিতিতে কোনও নাবালিকার হাত যৌন অভিপ্রায়ে ধরে রাখা যৌন নিগ্রহের আওতায় পড়ে। বিশেষ করে, বাড়িতে নাবালিকার একা থাকা, তার বয়স ও চেহারা নিয়ে ব্যক্তিগত প্রশ্ন করা, আপত্তি সত্ত্বেও হাত না ছাড়া এবং পরে হুমকি দেওয়ার মতো পরিস্থিতি এই ঘটনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।” অর্থাৎ, শুধু শারীরিক স্পর্শের ধরন নয়, সেই স্পর্শের পিছনে থাকা যৌন অভিপ্রায় এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও বিবেচ্য বলে জানিয়েছে আদালত।
অভিযুক্তের তরফে আরও দাবি করা হয়েছিল, বকেয়া মজুরি নিয়ে বিবাদের জেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে এই দাবির সমর্থনে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে আদালত। সবশেষে বিশেষ আদালতের সাজাই বহাল রাখল হাইকোর্ট।